করোনাভাইরাসের হানা ইপিএলে, স্থগিত টটেনহ্যাম-ব্রাইটন ম্যাচ

স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত স্থগিতই হলো টটেনহ্যাম হটস্পার্স ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যাচ। করোনাভাইরাসের সংক্রমণে টটেনহ্যামের বেশ কিছু খেলোয়াড় ও কর্মকর্তা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

অবশ্য ম্যাচটি যে স্থগিত হবে তা অনুমিতই ছিল। কারণ একই কারণে ম্যাচ শুরুর ১২ ঘণ্টা আগে তাদের আবেদনে সাড়া দিয়েছিল উয়েফা। ফরাসি ক্লাব রেঁনের বিপক্ষের ম্যাচ ইউরোপা লিগে টটেনহ্যামের ম্যাচটি তাই স্থগিত করা হয়। গত বুধবার থেকেই টটেনহ্যামের সবধরণের অনুশীলন বন্ধ রয়েছে।

সেদিনই নিজের পাঁচ সহকারী ও আট ফুটবলার করোনাভাইরাস সংক্রমিত হওয়ার খবর সংবাদ সম্মেলন করে জানান টটেনহ্যাম কোচ অ্যান্তনিও কন্তে। আবেদন করেন ম্যাচ পিছিয়ে দেওয়ার। উয়েফা মেনে নেওয়ার কয়েক ঘণ্টা পর মেনে নেয় ইপিএল কর্তৃপক্ষও।

টটেনহ্যামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ইপিএল বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই ম্যাচ বাতিল করছে। পরে নির্দিষ্ট সময়ে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণে দলের এই ভয়াবহ অবস্থায় ক্লাবের তরফ থেকে এই ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করা হয়েছিল।'

পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে প্রতিপক্ষ দুই দলের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদও জানিয়েছে তারা, 'আমাদের পদক্ষেপে রেঁনে এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সকলের কাছে, তাদের সমর্থকদের কাছে এ অসুবিধার জন্য ক্ষমা চাওয়া উচিত। এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের বোঝার জন্য উভয় ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।'

বিবৃতি দিয়েছে প্রিমিয়ার লিগ বোর্ডও, 'খেলোয়াড় এবং কর্মীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা উপদেষ্টাদের নির্দেশনা অনুসরণ করে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ বোর্ড। স্থগিত ম্যাচটি যথাসময়ে পুনঃনির্ধারণ করা হবে এবং কোভিড-১৯ আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করছে প্রিমিয়ার লিগ।'

উল্লেখ্য, এরমধ্যেই এ মৌসুমে টটেনহ্যামের প্রিমিয়ার লিগের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে বার্নলিতে ভারী তুষারপাতের কারণে।