চার কোয়ার্টার ফাইনালই ভেস্তে গেল, না খেলে সেমিতে বাংলাদেশও
অনেকটা অনুমিতই ছিল, হলোও তাই। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের পর ভেস্তে গেল বাংলাদেশ-মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের লড়াই। ফলে এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে লিটন দাসের দলের।
জাপানের নাগোয়ায় আগের দিন কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হলে সেমিতে উঠে ভারত ও পাকিস্তান। এবার নেপাল ও মালয়েশিয়াকে হতাশ করে সেই পথে এগোল বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর আড়াই ঘন্টা আগেই পরিত্যাক্ত হয়েছে তা। মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় মাঠেই আসেনি দুই দল।
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের সবগুলোই ভেস্তে যাওয়ার এক অনন্য নজির তৈরি হলো এশিয়ান গেমসে। শঙ্কা থাকছে এখনও। সেমিফাইনাল ও ফাইনালেও আছে বৃষ্টির সম্ভাবনা। রিজার্ভ ডে না থাকায় সেখানেও একই নিয়ম।
তবে এতে বিপদ বেশি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল না হলে বিদায় নিতে হবে লিটন দাসদের। আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত, এরপর পাকিস্তান ছয় ও বাংলাদেশের অবস্থান আটে। নয় নম্বরে আছে শ্রীলঙ্কা।