কারিগরি ত্রুটির জন্য আবার হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র
ড্রয়ে নামটা উঠল অ্যাতলেতিকো মাদ্রিদের। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষে হিসেবে একই গ্রুপে থাকা লিভারপুলের নাম বাদ যাবে। সঙ্গে স্বদেশী ক্লাব হিসেবে বাদ যাওয়ার কথা রিয়াল মাদ্রিদের। তাদের ড্র হয়েছে আগেই। সেখানে উপস্থাপক করলেন বড় এক ভুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে রাখলেন বাতিলের খাতায়। তাতে পুরো ড্রই হয়ে গেল উলট-পালট। পরে বিষয়টি নজরে আসতে বাতিল করা হয় পুরো ড্রই। নতুন করে অনুষ্ঠিত হবে এ ড্র।
সুইজারল্যান্ডের নিয়নে বাংলাদেশ সময় রাত ৮টায় ফের অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের এ ড্র। নতুন করে ভাগ্য নির্ধারিত হবে দলগুলোর।
বিষয়টি মূলত লক্ষ্য করা হয় ভিয়ারিয়ালের প্রতিপক্ষ নিশ্চিত করতে গিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের নাম চলে আসে সেখানে। অথচ ড্রয়ের নিয়ম অনুযায়ী একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো মুখোমুখি হবে না দ্বিতীয় রাউন্ডে। তাৎক্ষণিকভাবে ইউনাইটেডকে বাদ দিয়ে ড্র চালিয়ে গেলেও পরবর্তীতে আলোচনার পর বাতিলই করা হয় ড্র।
অথচ চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর লড়াই নিয়ে। ১০ বছর পর ফের নকআউট পর্বে মুখোমুখি এ দুই তারকা। কিন্তু এর ঘণ্টা খানেক না যেতেই কারিগরি ত্রুটির জন্য বাতিল হলো ড্র।
এর আগে ড্র অনুযায়ী, প্রতিপক্ষ ছিল পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি-লিল, ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ-বেনফিকা, বায়ার্ন মিউনিখ-অ্যাতলেতিকো মাদ্রিদ, লিভারপুল-আরবি সলজবুর্গ, ইন্টার মিলান-আয়াক্স এবং জুভেন্টাস-স্পোর্তিং লিসবন।