গার্দিওলা পাগলাটে এবং আমি সেটা পছন্দ করি: হালান্ড

By স্পোর্টস ডেস্ক

প্রাক-মৌসুমের ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথমবার মাঠে নেমেই গোলের স্বাদ পেলেন আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের দলে সম্প্রতি যোগ দিলেও ইতোমধ্যে কোচ পেপ গার্দিওলার কর্মতৎপরতায় মজেছেন তিনি। তরুণ এই নরওয়েজিয়ান স্ট্রাইকার মনে করছেন, গার্দিওলার অধীনে খেলার অভিজ্ঞতা আনন্দময় হবে তার জন্য।

যুক্তরাষ্ট্রের উইন্সকনসিনে রোববার বাংলাদেশ সময় সকালে প্রীতি ম্যাচে হালান্ডের লক্ষ্যভেদে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। জালের ঠিকানা খুঁজে নিতে তার সময় লাগে মাত্র ১২ মিনিট। ডি-বক্সের বাম দিক থেকে গোলমুখে জ্যাক গ্রিলিশের বাড়ানো পাসে স্লাইড করে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন তিনি। শুরুর একাদশে জায়গা পাওয়া হালান্ড অবশ্য বেশি সময় মাঠে থাকেননি। প্রথমার্ধে ম্যাচের ৪১তম মিনিটে তাকে উঠিয়ে নামানো হয় হুলিয়ান আলভারেজকে।

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে পাঁচ বছরের চুক্তিতে ২২ বছর বয়সী হালান্ডকে দলে টেনেছে সিটি। বায়ার্নের বিপক্ষে জয়ের পর গণমাধ্যমের কাছে নতুন ক্লাবের কোচ গার্দিওলার প্রশংসা মাতেন তিনি, 'গার্দিওলা কিছুটা পাগলাটে এবং আমি সেটা পছন্দ করি। তাই এটা আনন্দময় হতে যাচ্ছে। এখানে কেবল এক সপ্তাহ গিয়েছে। সেকারণে আমি খুব বেশি কিছু বলতে পারছি না। তবে আমি ভালোমতো অনুশীলন করছি এবং সামনে যা আছে তার জন্য আমি তৈরি।'

গত মৌসুমের অধিকাংশ সময় বিশেষজ্ঞ স্ট্রাইকার ছাড়া খেলেছে ম্যান সিটি। মূলত 'ফলস নাইন' ব্যবহার করে একাদশ বানাতেন তারকা স্প্যানিশ কোচ গার্দিওলা। এবার সেই কৌশল থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। সেকারণে ডর্টমুন্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করা হালান্ডকে চুক্তিবদ্ধ করা হয়েছে। দলের নতুন 'নাম্বার নাইন'কে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, 'সে একটা গোল করেছে যা গুরুত্বপূর্ণ। গোলরক্ষকের সামনে থেকে এই ধরনের গোল করতে সে সবসময় সেখানে উপস্থিতি থাকে।'

সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা হালান্ড বেশ চোটপ্রবণ। গত কয়েক সপ্তাহেও ছোট-খাটো কিছু চোটে ভুগতে হয়েছে তাকে। তাই তাকে নিয়ে সাবধানে এগোতে চান গার্দিওলা, 'সে প্রথমবার খেলল, তার আরও সময় ও ছন্দ দরকার। তবে ইতোমধ্যে সে ৪৫ মিনিট (মূলত ৪১ মিনিট) খেলেছে যা তার জন্য ভালো হয়েছে। আগের সপ্তাহগুলো থেকে সঙ্গী থাকা ছোট চোট-খাটো নিয়ে সে কী প্রতিক্রিয়া দেখায় সেটা আমরা পর্যবেক্ষণ করব।'