চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রশ্নে রিয়াল কোচের কৌশলী জবাব

স্পোর্টস ডেস্ক

ড্র হলেই চলত রিয়াল মাদ্রিদের। তাই সাবধানী পথে হাঁটার সুযোগ ছিল। কিন্তু তারা ছাড় দিল না লড়াইয়ের মানসিকতায়। জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রাখল প্রতিযোগিতার সফলতম দলটি। ফেভারিটের তকমা রিয়ালের গায়ে বরাবরই থাকে। এবারও সেটার ব্যতিক্রম নয়। তবে তাদের কোচ কার্লো আনচেলত্তি এখনই তাকাতে চান না খুব দূরে। তিনি জানান, কোনো দলই চ্যাম্পিয়ন্স লিগ জেতার নিশ্চয়তা দিতে পারে না।

মঙ্গলবার রাতে 'ডি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগোর পাসে দর্শনীয় লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন টনি ক্রুস। বদলি নামার কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। ৭৯তম মিনিটে দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে তার গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা হয়েছে গ্রুপসেরা। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ১০। গ্রুপ রানার্সআপ হয়ে প্রতিযোগিতার শেষ ষোলোতে রিয়ালের সঙ্গী হয়েছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ঘরোয়া স্প্যানিশ লা লিগাতেও ছন্দে আছে রিয়াল। ১৬ ম্যাচে তাদের অর্জন ৩৯ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ক্রমাগত পয়েন্ট হারানোয় রিয়ালকে এগিয়ে রাখা হচ্ছে শিরোপা জয়ের দৌড়ে। লিগে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া। এক ম্যাচ কম খেলে তারা পিছিয়ে আছে ৮ পয়েন্টে।

carlo_ancelotti_1.jpg
ছবি: টুইটার

ইন্টারকে হারানোর পর গণমাধ্যমের কাছে আনচেলত্তি বলেন, লা লিগার শিরোপার দিকে নজর রাখলেও চ্যাম্পিয়ন্স লিগে তারা মনোযোগ দিচ্ছেন কেবল প্রতিদ্বন্দ্বিতা করার দিকে, 'লা লিগা জেতার জন্য এবং চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করার জন্য যে দক্ষতা ও সামর্থ্য দরকার, তা আমাদের আছে। কোনো দলই সেই সামর্থ্য ও যোগ্যতার নিশ্চয়তা দিতে পারে না যেটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে দরকার। এখানে কেবল লড়াই করার নিশ্চয়তা দেওয়া যায়।'

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০১৭-১৮ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জিতেছিল তারা। গত মৌসুমে চেলসির কাছে হেরে তারা বাদ পড়েছিল সেমিফাইনাল থেকে। এর আগের দুবার তাদের যাত্রা থেমেছিল শেষ ষোলোতে।