'চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে পিএসজিতে সবকিছুই ব্যর্থ'

By স্পোর্টস ডেস্ক

নাসের আল খেলাইফির হাতে যাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে পিএসজি। ঘরোয়া প্রতিযোগিতায় প্রায় নিয়মিতই শিরোপা জিতে আসছে দলটি। তবে এখনও কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখেনি তারা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ। আর ইউরোপীয় এ আসরে সফল না হলে বাকি সব কিছু আনলেও পিএসজিতে তা ব্যর্থতাই বলে মনে করেন দলটির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো।

এক মৌসুম আগে অবশ্য ফাইনালে উঠেছিল পিএসজি। তবে গতবার পচেত্তিনোর অধীনে বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ডেই। আর সে ব্যর্থতার জেরেই মূলত কোচের পদ থেকে ছাঁটাই হন পচেত্তিনো। অথচ লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছিলেন। নতুন মৌসুমে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিস্টোফি গিল্টারকে। প্রশ্ন এখন এই কোচ কী পারবেন পিএসজির লক্ষ্য পূরণ করতে।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলে গিল্টারও ব্যর্থ কোচের তালিকায় থাকবেন বলে জানান পচেত্তিনো, '(পিএসজির) সবকিছুই চ্যাম্পিয়ন্স লিগের উপর দৃষ্টি নিবদ্ধ করে রাখা এবং কখনো কখনো এটা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে। এটা কেবল ইউরোপীয় ম্যাচগুলো বিল্ড আপে বিদ্যমান বলে মনে হয় তবে অন্যান্য (ঘরোয়া) প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের কারণে এমনিতেই এগিয়ে থাকে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ হল আবেশ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে কম কিছু মাত্রই ব্যর্থতার সমতুল্য।'

গত কয়েক আসরের মতো এবারও শক্তিশালী আক্রমণভাগ পিএসজির। রিয়াল মাদ্রিদে প্রায় যোগ দিয়ে ফেলা কিলিয়ান এমবাপেকে ধরে রেখেছে ক্লাবটি। তাকে ধরে রাখার ক্ষেত্রে দলটি দারুণ মুন্সিয়ানা দেখিয়ে বলে মনে করেন এ আর্জেন্টাইন কোচ, 'পিএসজি কিলিয়ানকে (এমবাপে) ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং আমি এর সঙ্গে একমত। সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমি মনে করি পিএসজি, তাদের যা করার সমস্ত সংস্থান আছে, তাকে থাকতে রাজি করিয়েছে। আর (মেসি) নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়।'

তবে পচেত্তিনো হয়তো পিএসজির নায়ক হতে পারতেন। যদি না সান্তিয়াগো বার্নান্যুতে করিম বেনজেমা ১৭ মিনিটের জাদু না দেখাতেন। তবে জিয়ানলুইজি দোনারুমার সেই ভুলটা যদি ভিএআরে যাচাই করা হতো তাহলে ফলাফল ভিন্ন হতো বলে মনে করেন পচেত্তিনো, 'আমি মনে করে অটা ফাউল ছিল। যদি ভিএআরে ওটা যাচাই হতো তাহলে আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম... রিয়াল মাদ্রিদ তখনই বিদায় নিত।'