জাপানের লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে পিএসজির জয়ে মেসির গোল

By স্পোর্টস ডেস্ক

পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের অধীনে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ে নয়, জাপানের জে-লিগ চ্যাম্পিয়ন কাওয়াসাকির বিপক্ষে প্রীতি ম্যাচে লক্ষ্যভেদ করলেন তিনি। আর্জেন্টিনার এই মহাতারকার জালে খুঁজে নেওয়ার দিনে কষ্টার্জিত জয় পেল প্যারিসিয়ানরা।

আগামী ২০২২-২৩ মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে পিএসজি। তারকায় ঠাসা দলটি বর্তমানে রয়েছে জাপান সফরে। বুধবার ৬৫ হাজার দর্শকের সামনে টোকিও জাতীয় স্টেডিয়ামে কাওয়াসাকিকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীরা।

পিএসজির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পুরো শক্তির একাদশ মাঠে নামান গালতিয়ে। মেসির পাশাপাশি শুরু থেকে খেলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে তারা দুজন বিরতির পর আর মাঠে নামেননি। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসিও দ্বিতীয়ার্ধে বেশি সময় খেলার সুযোগ পাননি। তাকে উঠিয়ে নেওয়া হয় ম্যাচের ৬২তম মিনিটে। ফলে দ্বিতীয় সারির একাদশ নিয়ে বাকিটা সময় খেলে পিএসজি।

ম্যাচের ৩২তম মিনিটে নিশানা ভেদ করেন ৩৫ বছর বয়সী মেসি। আশরাফ হাকিমির পাসে ডি-বক্সের সামান্য ভেতর থেকে কাওয়াসাকির গোলরক্ষক জাং সং-রিয়ংকে ডান পায়ের শটে পরাস্ত করেন তিনি। হুয়ান বার্নাতের ক্রসে ম্যাচের ৫৮তম মিনিটে আর্নো কালিমুয়েন্দো-মুইঙ্গা পিএসজির পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে কাজুইয়া ইয়ামামুরা গোল করলে রোমাঞ্চ ছড়ায় ম্যাচে। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি স্বাগতিক কাওয়াসাকির।

চলমান জাপান সফরে জে-লিগের আরও দুটি ক্লাবের বিপক্ষে খেলবে গালতিয়ের শিষ্যরা। আগামী শনিবার সাইমাতাতে উরাওয়া রেডস ও সোমবার ওসাকায় গাম্বা ওসাকার মুখোমুখি হবে পিএসজি।