জাভিকে প্রশংসার জোয়ারে ভাসালেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুতে ভীষণ ধুঁকছিল বার্সেলোনা। একের পর এক বাজে ফল করায় হতাশা বাড়ছিল ক্লাবটির। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেছে চিত্র। রোনাল্ড কোমানের বিদায়ের পর দায়িত্ব নেওয়া জাভির অধীনে চিরচেনা রূপ মেলে ধরতে শুরু করেছে বার্সা। খেলোয়াড় হিসেবে দলটিকে প্রচুর সাফল্য এনে দেওয়া সাবেক এই স্প্যানিশ তারকা কোচ হিসেবে নিজের সামর্থ্যের ছাপ রেখে পাচ্ছেন প্রশংসা। এল ক্লাসিকোর আগে তার বন্দনায় মাতলেন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান কোচ কার্লো আনচেলত্তিও।

গত বছরের ৬ নভেম্বর বার্সার কোচ হিসেবে নিয়োগ পান ৪২ বছর বয়সী জাভি। ক্লাবটির এক সময়কার মাঝমাঠের কাণ্ডারি দুঃসময় পেছনে ফেলে কাতালানদের দিচ্ছেন সঠিক পথের খোঁজ। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ১৪টিতে জিতেছে বার্সা। সাত ড্রয়ের পাশাপাশি তারা হেরেছে মাত্র চারটিতে। স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় এক পর্যায়ে নয় নম্বরে নেমে যাওয়া দলটি উঠে এসেছে চার নম্বরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টেকাতে না পারলেও বার্সাকে ইতোমধ্যে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছেন জাভি।

পাসিং নির্ভর দৃষ্টিনন্দন তিকিতাকা ফুটবলও ফিরিয়ে এনেছেন জাভি। মাঝে অন্য কৌশল বেছে নিয়ে সফলতা পায়নি বার্সেলোনা। তরুণ ও সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে কেনা খেলোয়াড়দের দারুণ সমন্বয়ও ঘটিয়েছেন জাতীয় দল স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জেতা বার্সা কোচ। ফলে নড়বড়ে অবস্থা কাটিয়ে ধারাবাহিকভাবে সেরা ছন্দ দেখানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ক্লাবটি।

ancelotti_real_madrid.jpg
ছবি: টুইটার

বার্সার ঘুরে দাঁড়ানোর মূল কারিগর যে জাভি, তা নিয়ে কোনো সংশয় নেই আনচেলত্তির। এল ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে তিনি কৃতিত্ব দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচকে, 'বার্সেলোনার পরিচয় কখনও বদলায়নি। কারণ, ক্লাবটি একটি স্পষ্ট ঘরানায় ফুটবল খেলে। জাভি ওই ঘরানার সঙ্গে মানানসই এবং দলটি তার অধীনে ভালো উন্নতি করছে। তারা পরিপূর্ণ একটি দল এবং ভালো খেলছে। আমার মতে, সে (জাভি) খুব দারুণ কাজ করছে।'

জাভির স্তুতি গাইলেও রিয়াল কোচের নিজের দৃষ্টিভঙ্গি আবার আলাদা। কেবল একটি নির্দিষ্ট ধরনের ফুটবলে নির্ভর না করে সময় ও পরিস্থিতি অনুসারে ভিন্ন ভিন্ন কৌশল কাজে লাগানোর পক্ষপাতী তিনি, 'আমি মনে করি, ফুটবল কেবল একটি নির্দিষ্ট ঘরানার খেলা নয়। আমি চাই, আমার দল আলাদা আলাদা কৌশল বেছে নিতে পারুক। আমি সব সময় এমন ধরনের কৌশল ব্যবহারের চেষ্টা করি, যেগুলোতে আমার খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করে।'

স্প্যানিশ লা লিগার চলমান মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো মাঠে গড়াবে রোববার। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। ম্যাচের ভেন্যু লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। লিগের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হেরেছিল বার্সা।