জেতাটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যাপার: জাভি

By স্পোর্টস ডেস্ক

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে তাদের কোচ জাভি হার্নান্দেজের কণ্ঠে। তবে প্রাক-মৌসুমের ম্যাচ বলেই কিনা জয়কে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে তার। অর্থাৎ নতুন মৌসুম শুরুর আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে মনোযোগী তিনি। পাশাপাশি শিরোপা জেতাকে বার্সার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন জাভি।

রোববার বাংলাদেশ সময় সকালে লাস ভেগাসে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। ক্যারিয়ারে প্রথমবারের মতো এল ক্লাসিকোয় খেলতে নেমে নিজের সামর্থ্যের ছাপ রাখেন রাফিনহা। প্রথমার্ধে ম্যাচের ২৭তম মিনিটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রতিপক্ষের ডিফেন্ডার এদার মিলিতাও বল বিপদমুক্ত করতে গিয়ে তুলে দেন রাফিনহার পায়ে। ডি-বক্সের বাইরে প্রথম ছোঁয়ায় তা নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে জাল কাঁপান তিনি।

প্রীতি ম্যাচের ফল মৌসুমের মূল লড়াইয়ে তেমন কোনো প্রভাব ফেলে না। সেটা ভালোভাবে জানা আছে সাবেক স্প্যানিশ তারকা মিডফিল্ডার জাভির। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়ালকে হারাতে পারার আনন্দ গোপন করেননি তিনি, 'সবমিলিয়ে আমরা খুশি। জেতাটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যাপার। যদিও বার্সেলোনার সমর্থক হিসেবে আমরা রিয়াল মাদ্রিদকে হারাতে পছন্দ করি।'

পুরো ম্যাচে দাপট ছিল গত মৌসুমে কোনো শিরোপা জিততে ব্যর্থ হওয়া বার্সার। গোলমুখে তাদের নেওয়া ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আগের মৌসুমে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলা রিয়াল নয়টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি। উত্তেজনায় ঠাসা লড়াইয়ে কাতালানরা এগিয়ে ছিল বলে জানান জাভি, 'প্রথমার্ধ অসাধারণ ছিল। দ্বিতীয়ার্ধ ততটা ভালো যায়নি। কিন্তু আমরা এখন প্রাক-মৌসুমে আছি। আমরা ভালোভাবে অনুশীলন করছি এবং আজ আমরা দারুণ একটি বার্সেলোনাকে দেখেছি। আমি মনে করি, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো ছিলাম এবং আমরা ভালো ফুটবল খেলেছি।'

বার্সেলোনাকে হারানো সাফল্যের দিশা দিতে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জাভির কাঁধে। গত মৌসুমের হতাশা কাটিয়ে আগামী মৌসুমে দলকে শিরোপার স্বাদ দিতে মুখিয়ে আছেন তিনি, 'আমরা মাঠে নিজেদেরকে উপভোগ করেছি এবং ভালো খেলেছি। মূল উদ্দেশ্য হলো শিরোপা জেতা। সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'