দলে পরিপূর্ণ স্ট্রাইকারের ঘাটতি নিয়ে চিন্তিত নন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

জল্পনাকল্পনা থাকলেও ম্যানচেস্টার সিটির ক্রিস্তিয়ানো রোনালদো ও হ্যারি কেইনকে দলে ভেড়ানোর সম্ভাবনা ভেস্তে গেছে। এতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের স্কোয়াডে স্ট্রাইকারের যে ঘাটতি রয়েছে, তা এখনও পূরণ হয়নি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হতে আর কয়েকটি দিন বাকি থাকলেও ক্লাবটিতে অন্য কোনো পরিপূর্ণ গোলস্কোরারের যোগ দেওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে গত মৌসুমের অভিজ্ঞতার আলোকে স্ট্রাইকারের কমতি নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ তাদের কোচ পেপ গার্দিওলা।

অভিজ্ঞ আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ম্যান সিটি ছেড়ে গত জুলাইতে যোগ দিয়েছেন বার্সেলোনায়। ফলে দলটিতে একমাত্র পরীক্ষিত স্ট্রাইকার হিসেবে আছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া, বিকল্প হিসেবে গার্দিওলার হাতে রয়েছেন সম্ভাবনাময় তরুণ ইংলিশ ফুটবলার লিয়াম ডেলাপ। তাই আগামী মঙ্গলবার শেষ হতে যাওয়া দলবদলে নতুন স্ট্রাইকার কেনার দিকে নজর ছিল সিটিজেনদের। তাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন ইংলিশ তারকা কেইন। তাকে নিতে মোটা অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছিল সিটি। তবে কেইন শেষ পর্যন্ত থেকে গেছেন টটেনহ্যাম হটস্পারে। সম্প্রতি পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর সঙ্গেও জড়িয়েছিল সিটির নাম। কিন্তু তিনি জুভেন্টাস ছেড়ে ফিরেছেন পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে।

গত মৌসুমের স্কোয়াডে আগুয়েরো-জেসুস থাকলেও চোট, ফর্মহীনতাসহ বিভিন্ন কারণে তারা নিয়মিত খেলতে পারেননি। তাতে ঘাবড়ে না গিয়ে নতুন পন্থা বেছে নেন ম্যান সিটির কোচ গার্দিওলা। মিডফিল্ডার ও উইঙ্গার দিয়েই একাদশ সাজান তিনি। রহিম স্টার্লিং, ফেরান তোরেস, রিয়াদ মাহরেজ, ইলকাই গুন্দোয়ান, কেভিন ডি ব্রুইনের মতো তারকারা গোল করতে পারদর্শী হওয়ায় পূর্ণাঙ্গ স্ট্রাইকার ছাড়া খেলেই সিটি অর্জন করে দারুণ সাফল্য। প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপের শিরোপা জেতার পাশাপাশি তারা রানার্সআপ হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে।

টটেনহ্যামের কাছে হেরে প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুম শুরু করা সিটি পরের ম্যাচে নরউইচ সিটিকে বিধ্বস্ত করে ৫-০ গোলে। শনিবার বিকালে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। তার আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, একাদশে স্ট্রাইকার থাকা বা না থাকা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি,'আমি সবসময়ই বিশ্বাস করেছি, যেমনটা আপনারা সবশেষ মৌসুমেও দেখেছেন, স্ট্রাইকার নিয়ে বা স্ট্রাইকার ছাড়া খেলেও আমরা প্রচুর গোল করেছি। আমাদের আগের চেয়ে ভালো খেলতে হবে। নরউইচের বিপক্ষে যে ক্ষুধা ও আকাঙ্ক্ষা নিয়ে আমরা খেলেছি, সেই উচ্চতায় পৌঁছাতে হবে। আর প্রতিটি ম্যাচে নিয়মিতভাবে এটা করতে হবে।'

কিছুদিন আগে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে টেনেছে ম্যান সিটি। মাহরেজ, স্টার্লিং, ডি ব্রুইন, ফেরান ও গুন্দোয়ানের মতো তিনিও জালের ঠিকানা খুঁজে নিতে সমর্থ। তাদেরকে নিয়ে এবারও গত মৌসুমের পরিকল্পনায় এগোতে চাইছেন স্প্যানিশ কোচ গার্দিওলা, 'আমাদের লিয়ামের মতো আদর্শ স্ট্রাইকার না থাকলেও আমরা বিকল্প খুঁজে বের করতে পারব।... আমাদের ভুলে গেলে চলবে না যে, সাম্প্রতিক সময়ে এই একই স্কোয়াড নিয়ে আমরা কতটা ভালো করেছি।'