দিবালাকে দেখে বাতিস্তুতাকে স্মরণ দেলভেচ্চিওর

By স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের সুবর্ণ সময়টা ফিউরেন্টিনার হয়ে খেলেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তবে ২০০০ সালে হুট করেই এএস রোমায় যোগ দেন এ আর্জেন্টাইন। এবারও ঠিক অনেকটা হঠাৎ করেই জিয়ালোরোজিদের ক্লাবে যোগ দেন পাওলো দিবালা। এ আর্জেন্টাইন তারকার এমন আবির্ভাবে আরেক বাতিস্তুতাকে স্মরণ করলেন সাবেক রোমা মার্কো দেলভেচ্চিও।

চলতি মৌসুমে দিবালার ক্লাব খুঁজে নেওয়া নিয়ে নাটক কম হয়নি। জুভেন্টাস থাকাকালীন সময়ে চুক্তি নবায়নের খুব কাছেই ছিলেন দিবালা। বার্ষিক ৮ মিলিয়ন ইউরোয় মৌখিক চুক্তিটা এক রকম হয়েই ছিল। কিন্তু আনুষ্ঠানিক চুক্তির আগে বেঁকে বসে তুরিনের ক্লাবটি।

মূলত ফিওরেন্তিনার থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দলে টানার পর বেঁকে বসে জুভেন্টাস। দিবালার বেতন এক মিলিয়ন ইউরো কমিয়ে সাত মিলিয়ন ইউরো দিতে চায় তারা। কিন্তু কথা দিয়ে তা না রাখায় তা মেনে নেননি দিবালা।

উল্টো একই বেতনে সে সময় আলোচনা চূড়ান্ত করেন ইন্টার মিলানের সঙ্গে। কিন্তু এ সময় চেলসি থেকে ধারে দলে ফেরায় রোমেলু লুকাকুকে। তাতে দিবালাকে সাত মিলিয়ন থেকে কমিয়ে ছয় মিলিয়ন ইউরো দিতে চায় ক্লাবটি। তাও আবার শর্তসাপেক্ষে। প্রথমে পাঁচ মিলিয়ন, বাকি এক মিলিয়ন কেবল মাত্র নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেলতে পারলেই। তাতেও রাজী হননি এ আর্জেন্টাইন।

এরপরই মঞ্চে আসে রোমা। একই সময় আলোচনা হয় আরেক ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গেও। তবে দিবালা যোগ দেন রোমাকেই। যদিও নাপোলি তাকে অপেক্ষাকৃত বেশি বেতন দিতে রাজী ছিল। কিন্তু রোমা কোচ জোসে মরিনহোর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হন এ আর্জেন্টাইন।

খেলার ধরণ ভিন্ন হলেও দিবালার দল-বদলের নাটকীয়তার জন্য বাতিস্তুতাকে স্মরণ করেন দেলভেচ্চিও, 'সাইনিংয়ের ধরণের হিসাবে আমার কিছুটা বাতিস্তুতাকে মনে করিয়ে দেয়। তবে বৈশিষ্ট্যগতভাবে আমি বলব আমরা দুইজন ভিন্ন ফুটবলারের কথা বলছি। আমি পাওলোকে (ভিনচেঞ্জো) মন্তেলার সঙ্গে তুলনা করতে পারি।'

দিবালাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দেলভেচ্চিও। ট্যামি আব্রাহাম ও নিকোলো জানিওলোর সঙ্গে এ আর্জেন্টাইনের সংযুক্তি দলকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করেন এ সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে নেমাঞ্জা ম্যাটিচ, জেকি সেলিক এবং মাইল সুইলারকে দলভুক্ত করেছে রোমা। এছাড়া পিএসজির জিওর্জিও উইনালদামকে দলে টানার কাছাকাছি রয়েছে তারা।