দুই বছর পর মাঠে গড়াল কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক

অতিমারি করোনাভাইরাসের কারণে মাঝে দুই বছর কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজন সম্ভব হয়নি। তবে অবশেষে মাঠে গড়িয়েছে পেশাদার সাংবাদিকদের এই মিলনমেলা। রোববার প্রথম দিনের খেলায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা পোস্ট, জিটিভি, যমুনা টেলিভিশন ও টি-স্পোর্টস।

প্রতিবারের মতো এবারও ২৪টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল মাঠে গড়িয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

প্রথম দিনে মাঠে গড়িয়েছে ৮টি ম্যাচ। সেখানে সবচেয়ে বড় জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ৫-০ গোলের ব্যবধানে মাছরাঙা টেলিভিশনকে হারিয়েছে তারা। ২টি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন মাঝহারুল ইসলাম।

অপর খেলায় পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে টি-স্পোর্টস। দৈনিক যুগান্তরের বিপক্ষে তাদের জয়টি ৩-১ গোলের ব্যবধানে। ম্যাচে শুরুতে জ্যোতির্ময়ের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইমরান বিন ফেরদৌসের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে তিন গোল আদায় করে নেয় টি-স্পোর্টস।

যমুনা টেলিভিশন হারিয়েছে দৈনিক প্রথম আলোকে। ২-০ গোলে যায় পায় তারা। দুটি গোলই করেন আসাদুজ্জামান। একই ব্যবধানে ডেইলি সানকে হারিয়েছে জিটিভি। ম্যাচসেরা নির্বাচিত হন সাইফুল ইসলাম। ঢাকা পোস্ট ৩-১ গোলে হারিয়েছে একাত্তর টেলিভিশনকে। ম্যাচসেরা হয়েছেন মনি আচার্য্য।

এছাড়া মানবজমিন ও সময় টেলিভিশন এবং নিউজ ২৪ ও দৈনিক ইনকিলাবের মধ্যকার ম্যাচদুটি ১-১ গোলে ড্র হয়েছে। এছাড়া একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়।