দেম্বেলের জোড়া গোলের পরও জিততে পারেনি বার্সা
আগের দুই প্রস্তুতি ম্যাচে বদলি নামলেও এদিন প্রথম একাদশেই ছিলেন উসমান দেম্বেলে। আর প্রথম একাদশে থেকেই অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন এ ফরাসি ফরোয়ার্ড। দলের হয়ে জোড়া গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে জুভেন্টাসের ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিনের জোড়া গোলে জয় পায়নি বার্সেলোনা। ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
ডালাসের কটন বুলে প্রাক-মৌসুমের ম্যাচে ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে বার্সেলোনা ও জুভেন্টাস। প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল বার্সা।
ম্যাচে কোনো দল জয় না পেলেও নজর কারা ফুটবল খেলেছেন দুই দলই। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে ৩৪তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডান প্রান্ত থেকে সের্জিনো ডেস্টের কাছ থেকে বল পেয়ে জুভেন্টাসের হুয়ান কুয়াড্রাডোকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন দেম্বেলে।
তবে সমতায় ফিরতে মাত্র পাঁচ মিনিট সময় নেয় জুভেন্টাস। কুয়াড্রাডোর ক্রস থেকে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান কিন। তবে পরের মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। ঠিক প্রথম গোলের অনুকরণেই নিজের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। তবে এক্ষেত্রে বলের যোগানদাতা সের্জিও বুসকেতস।
দ্বিতীয়ার্ধেও একই গতি চলতে থাকে ম্যাচ। যদিও বার্সেলোনা দলের ৬ জন খেলোয়াড় পরিবর্তন করে শুরুতেই। ফলে ম্যাচ গোছাতে কিছুটা সময় লাগে তাদের। ছয় মিনিটের মাথায় গোলও হজম করে তারা। ম্যানুয়েল লোকাতেল্লির পাস থেকে ফের বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান কিন।
এরপরও দুই দল আক্রমণ পাল্টা আক্রমণেই খেলতে থাকে। তবে জালের দেখা পায়নি আর কোনো দলই। শেষ পর্যন্ত ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।
আগামী রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। একই দিনে জুভেন্টাস তাদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।