নারী অফিসিয়ালকে ঢুস মারায় ছাঁটাই ব্রাজিলিয়ান কোচ

স্পোর্টস ডেস্ক

একটি সিদ্ধান্ত নিয়ে বাকবিতণ্ডার শুরু। এক পর্যায়ে নারী অফিশিয়াল মার্সিলি নেতোকে মাথা দিয়ে ঢুস মেরে বসেন দেসপোর্তিভো ফেরোভিয়ারিয়ার কোচ রাফায়েল সোরিয়ানো। মাঠে তৎক্ষণাৎ তাকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন রেফারি। তবে সে ঘটনায় তাকে কোচের পদ থেকেই ছাঁটাই করেছে দেসপোর্তিভো ফেরোভিয়ারিয়া।

ব্রাজিলিয়ান পঞ্চম স্তরের একটি প্রতিযোগিতায় ঘটনা এটা। ম্যাচে তখন মাঝ বিরতি চলছিল। একটি সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় সেই নারী অফিশিয়াল মার্সিলির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফেরোভিয়ারিয়ার কোচ। এক পর্যায়ে মেজাজ হারিয়ে মাথা দিয়ে ঢুস দিয়ে মার্সিলির মুখে আঘাত করেন।

সহিংস সে ঘটনার কিছুক্ষণ পর এক বিবৃতিতে সোরিয়ানোকে ছাঁটাই করার বিষয়টি জানায় ফেরোভিয়ারিয়া, 'দেসপোরতিভো ফেরোভিয়ারিয়া জনসাধারণকে অবগত করতে চায় যে, এই ক্লাব শারীরিক, মৌখিক, নৈতিক কিংবা মানসিক, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। আমরা সহকারী রেফারি মার্সিলি নেতোর প্রতি সহানুভূতি জানাই। আমরা আপনাদের আরো জানাতে চাই যে তাকে মুখে আঘাত করার জন্য কোচ রাফায়েল সোরিয়ানোকে ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছে।'

সেই ম্যাচে শেষ পর্যন্ত নোভা ভেনেসিয়ার কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে গেছে ফেরোভিয়ারিয়া। তাতে কাম্পেওনাতো কাপিজাবার সেমিফাইনালে উঠেছে ভেনেসিয়া।