নোভার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে তারা।
বুধবার আয়োজক ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে পল স্মলির শিষ্যরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল তারা।
বল দখলে ভারত এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে প্রাধান্য দেখায় লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচের অষ্টম ও একাদশ মিনিটে তাদের দুটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে। এই হতাশা সরিয়ে লিড নিতে বেশি সময় লাগেনি তাদের। ম্যাচের আধা ঘণ্টার কাছাকাছি সময়ে ভারতের রক্ষণভাগের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন নোভা।
পরের কয়েক মিনিটে দুই দলই গোল করার সম্ভাবনা জাগিয়েছিল। সেই ধারায় ম্যাচের ৩৫তম মিনিটে সমতা টানে ভারত। দুর্দান্ত হেডে বাংলাদেশের জালে বল পাঠান গুরকিরাত সিং। তবে বেশিক্ষণ তারা স্বস্তিতে থাকতে পারেনি। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে পেনাল্টি থেকে নিশানা ভেদ করেন নোভা। পাশাপাশি ক্রিস্তিয়ানো রোনালদোর মতো করে উদযাপন করেন তিনি।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বেশ কমে যায়। বাংলাদেশ রক্ষণাত্মক কৌশল বেছে নিলে ভারতের আক্রমণগুলো ব্যর্থ হতে থাকে। তবে ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। ৪০ গজ দূর থেকে রাজন হাওলাদারের নেওয়া শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
আগামী শুক্রবার একই ভেন্যুতে নিজেদের পরের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।