'পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সায় অবসর নেবে মেসি'
প্রচুর পরিমাণ অর্থ খরচ করে তারকায় ঠাসা দল বানিয়ে ঘরোয়া লিগে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এখনও অধরা রয়ে গেছে তাদের। ফরাসি ক্লাবটিতে এবার লিওনেল মেসি যোগ দেওয়ায় তাদের অপ্রাপ্তি ঘুচবে বলে মনে করছেন হুয়ান রোমান রিকুয়েলমে। পাশাপাশি আর্জেন্টিনার সাবেক তারকার বিশ্বাস, বার্সেলোনাতেই ফিরে তবেই অবসরের ঘোষণা দিবেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড।
চরম নাটকীয়তার পর স্প্যানিশ পরাশক্তি বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে গত ১০ অগাস্ট পিএসজিতে পাড়ি জমান মেসি। দলটির সঙ্গে ৩৪ বছর বয়সী তারকার চুক্তি হয়েছে দুই বছরের জন্য। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে। গত সপ্তাহে পিএসজির জার্সিতে অভিষেক হয়েছে মেসির। নেইমারের বদলি হিসেবে লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি। জালের ঠিকানা খুঁজে না পেলেও জয় দিয়েই নতুন ঠিকানায় নিজের অভিযান শুরু করেছেন ক্ষুদে জাদুকর।
সময়ের সেরা ফুটবলারের প্রশ্নে দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে গোটা ফুটবল দুনিয়া। জাতীয় দলের এক সময়ের সতীর্থ মেসিকে সেরার তকমা দিয়ে সম্প্রতি ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএনের কাছে রিকুয়েলমে বলেছেন, 'মেসি সেরা কারণ সে বল পায়ে রেখে খেলে।'
২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। সবশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে হেরে তাদের যাত্রা থেমেছিল সেমিফাইনালে। এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার অন্যতম দাবিদার পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপেদের সঙ্গে মেসিও যুক্ত হওয়ায় তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। এ প্রসঙ্গে আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচে ১৭ গোল করা রিকুয়েলমের মত, 'পিএসজি যদি এখন মেসিকে নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে তারা আর কখনোই জিতবে না।'
আর্থিক দৈন্যদশার কারণে লা লিগার নিয়মানুসারে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এতে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বিস্মিত ও দুঃখভারাক্রান্ত হয়েছে। তবে বোকা জুনিয়র্সের সহ-সভাপতি রিকুয়েলমে যে ভবিষ্যৎবাণী করেছেন, তাতে আশ্বস্ত হতে পারে বার্সার ভক্ত-সমর্থকরা, 'আমি নিশ্চিত যে, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছে মেসি। এরপর সে বার্সেলোনাতে অবসর নেবে।'
উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পেয়েছেন মেসি। শেষবার তিনি শিরোপাটি জিতেছিলেন ২০১৪-১৫ মৌসুমে।