পিএসজির জার্সিতে মেসির অভিষেক নিয়ে যা বললেন পচেত্তিনো
রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ কয়েকটি দিনের পর পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। প্যারিসে ভক্ত-সমর্থকদের কাছ থেকে বীরোচিত সংবর্ধনা পেয়ে ইতোমধ্যে তিনি নতুন সতীর্থদের সঙ্গে শুরু করেছেন অনুশীলন। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এখন ফরাসি ক্লাবটির জার্সিতে তাকে খেলতে দেখার অপেক্ষায় আছেন। বার্সেলোনা ছেড়ে আসা আর্জেন্টাইন মহাতারকা কবে মাঠে নামবেন পিএসজির হয়ে?
নিশ্চিত করে কোনো দিনক্ষণ জানাতে পারেননি দলটির কোচ মরিসিও পচেত্তিনো। আগামী রোববার ফরাসি লিগ ওয়ানে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি মোকাবিলা করবে স্ত্রাসবুর্গকে। তবে ওই ম্যাচে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির খেলার কোনো সম্ভাবনা নেই। সরাসরি না বললেও শুক্রবারের সংবাদ সম্মেলনে সেটা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পচেত্তিনো। সঙ্গে যোগ করেছেন, মেসির সঙ্গে আলোচনা করেই তার অভিষেকের সিদ্ধান্ত নেওয়া হবে।
'কোপা আমেরিকা শেষ হওয়ার এক মাস পর আজ ছিল মেসির দ্বিতীয় অনুশীলন সেশন। সে কেমন অনুভব করছে সেটা দেখে তার অভিষেকের সিদ্ধান্ত নেওয়া হবে। গত কয়েক দিনে সবাই এটা দেখেছে যে, লিও অবিশ্বাস্য ধরনের অভ্যর্থনা পেয়েছে এখানে।'
'সে একজন স্পেশাল খেলোয়াড় এবং আমাদের (কোচিং) স্টাফরা খেলোয়াড়দের কথা মনোযোগ দিয়ে শোনে। আমরা তার সঙ্গে কথা বলে জানব তার কী কী প্রয়োজন এবং কখন সে (মাঠে নামার জন্য) প্রস্তুত হবে।'
গত মাসে জাতীয় দলের হয়ে পরম আরাধ্য শিরোপার স্বাদ পান মেসি। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা সময় বিশ্রাম নেন মেসি। ছুটি কাটিয়ে ফিরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার কথা ছিল তার। কিন্তু লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধায় তা আর হয়নি। ফলে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে।