'পিএসজি একটি সম্ভাবনা, কিন্তু কারও সঙ্গে কোনোকিছু চূড়ান্ত হয়নি'
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি না হওয়ায় ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ভবিষ্যৎ। কোথায় পাড়ি জমাবেন তিনি? সামনে কোন ক্লাবের হয়ে তাকে পায়ের জাদুতে মাঠ মাতাতে দেখা যাবে? আর্জেন্টাইন মহাতারকা জানালেন, অনেক ক্লাবই তার ব্যাপারে আগ্রহ দেখালেও তিনি কোনোকিছু এখনও চূড়ান্ত করেননি।
মেসির নতুন ঠিকানা হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে ফরাসি পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম। রবিবার দেশটির সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, মেডিকেল পরীক্ষা দিতে প্যারিসে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবারের মধ্যে তার পরীক্ষানিরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর খুব কাছে রয়েছেন মেসি।
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে মেসির কাছে জানতে চাওয়া হয় চলমান গুঞ্জন নিয়ে। উত্তরে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, 'সত্যিই সেটা (পিএসজি) একটি সম্ভাবনা। কিন্তু কারও সঙ্গে আমার কোনোকিছু চূড়ান্ত হয়নি। সত্যি বলতে, যখন সংবাদ বিজ্ঞপ্তি (বার্সার সঙ্গে চুক্তি না হওয়ার) প্রকাশ হয়, আমি অনেক ফোন পেয়েছি, অনেক ক্লাব আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে, আমি কোনোকিছু চূড়ান্ত করার কাছে নেই। তবে অনেক কিছু নিয়ে আলোচনা চলছে।
বার্সেলোনার সাবেক ফুটবলার ও মেসির বন্ধু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার আছেন পিএসজিতে। তার আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও সেখানে খেলেন। ছুটিতে থাকাকালীন কিছুদিন আগে তাদের সঙ্গে একটি ছবি তুলেছিলেন মেসি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। অনেকেই সেই ছবিকে তার পিএসজিতে যোগ দেওয়ার ইঙ্গিত হিসেবে ভাবছেন।
ছবির বিষয়ে করা প্রশ্নে মেসির জবাব, 'ইবিজায় তাদের (দি মারিয়া ও পারেদেস) সঙ্গে আমার দেখা হয়েছিল। একদিন আমরা একত্রিত হয়েছিলাম। নেইমার আমাকে ফোন করে বলেছিল, সে-ও ইবিজাতে আছে এবং আমি তার সঙ্গে দেখা করতে চাই কিনা। আমরা একত্রিত হয়ে ছবি তুলেছিলাম এবং আপলোড করেছিলাম। কারণ, আমরা ভালো সময় কাটিয়েছিলাম। তখন তারা সবাই মজা করে বলছিল, আমার প্যারিসে যাওয়া উচিত, সেখানে (পিএসজিতে) যোগ দেওয়া উচিত। তবে এটা নিছকই একটি কৌতুক ছিল।'
উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির চুক্তি শেষ হয়ে গেছে গত ৩০ জুন। দুই পক্ষ সম্প্রতি নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছালেও আর্থিক এবং কাঠামোগত বাধার কারণে (স্প্যানিশ লা লিগার নিয়মানুসারে) তা সম্পন্ন করা যায়নি। ফলে বার্সা ও মেসির দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে।