প্রাগৈতিহাসিক আমলের ফুটবল খেলেছে অ্যাতলেতিকো, বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠ জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথ এক ধাপ এগোলেও সন্তুষ্ট হতে পারলেন না পেপ গার্দিওলা। প্রতিপক্ষের খেলার ধরন ও কৌশল নিয়ে হতাশা প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটির তারকা স্প্যানিশ কোচ। তার দৃষ্টিতে, কোনো ফরোয়ার্ড ছাড়া যে ফরমেশনে অ্যাতলেতিকো মাদ্রিদ খেলেছে, সেটা প্রাগৈতিহাসিক আমলের এবং তাতে ভাঙন ধরানো কঠিন।

মঙ্গলবার রাতে আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ম্যান সিটি। খোলসে বন্দি থেকে গোল ঠেকানোর ছক কষে নামা কোচ দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর জালে বল ঢোকে ম্যাচের ৭০তম মিনিটে। ফিল ফোডেনের দারুণ পাসে কেভিন ডি ব্রুইনের নজরকাড়া লক্ষ্যভেদই গড়ে দেয় লড়াইয়ের ভাগ্য।

ম্যাচের পর গার্দিওলা বলেন, খুব কঠিন সময় পার করতে হয়েছে তাদের, 'আমরা ধারণা করেছিলাম যে তারা ৩-৫-২ ফরমেশনে খেলবে। পরে তারা ৫-৫-০ (ফরোয়ার্ডবিহীন) ফরমেশনে বদলে ফেলে নিজেদের, যা প্রাগৈতিহাসিক আমলের কৌশল। এখন এমন ফরমেশনের বিপক্ষে আক্রমণ করা খুব কঠিন।'

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচের মনে হচ্ছে, ফিরতি লেগেও একই ঘরানার ফুটবল খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো, 'তারা কোনো ফাঁকা জায়গা রাখেনি। পাশাপাশি তাদের খেলোয়াড়রা খুব শক্তিশালী। অন্যদিকে, আমরা আকৃতিতে ছোট ও হালকা। এটা ছিল ধৈর্যের লড়াই। আমি বিরতির সময় ছেলেদের বলেছিলাম, আমরা ভালো করছি। এরপর দ্বিতীয়ার্ধে আমরা তাদের রক্ষণদেয়াল ভাঙতে সমর্থ হই। আমার ধারণা, মাদ্রিদেও একই রকমের ম্যাচ হতে যাচ্ছে।'

প্রথম লেগের পর এগিয়ে থাকলেও নির্ভার হওয়ার বা আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ দেখছেন না গার্দিওলা, 'না। আমি জানি না। আমি এখনও জানি না। আমরা একটা ম্যাচ জিতেছি। দ্বিতীয় লেগ এখনও বাকি আছে এবং দেখা যাক কী ঘটে। আজকের (মঙ্গলবার রাত) ম্যাচ থেকে আমরা শিক্ষা নিব এবং সামনের ম্যাচে তুলনামূলক ভালো করার চেষ্টা করব।'

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটির মাঠে হারলেও খুব ভালোভাবে টিকে আছে অ্যাতলেতিকোর সেমিতে ওঠার সম্ভাবনা। আগামী বুধবার রাতে মাদ্রিদে হবে দুই দলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ।