পয়েন্ট হারানোর পর রেফারিং নিয়ে প্রশ্ন রিয়াল কোচের

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে খেলা হলেই খেই হারিয়ে ফেলছে রিয়াল মাদ্রিদ। তাদেরকে পাওয়া যাচ্ছে না চেনা ছন্দে। আগের দুটি অ্যাওয়ে ম্যাচে শাখতার দোনেৎস্ক ও বার্সেলোনাকে হারিয়ে দেওয়া দলটি সান্তিয়াগো বার্নাব্যুতে টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়েছে। ওসাসুনার বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কাঠগড়ায় তুললেন রেফারিংকেও।

বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে রিয়াল। বল দখলে যথারীতি আধিপত্য করা লস ব্লাঙ্কোসরা গোলমুখে ১৭টি শট নেয়। এর মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ওসাসুনা সাতটি শট নিলেও একটিও ছিল না লক্ষ্যে। তাছাড়া, দুই দলেরই একটি করে শট ফিরে আসে গোলপোস্ট কিংবা ক্রসবারে লেগে।

প্রথমার্ধের ২৪তম মিনিটে রিয়াল পেনাল্টির আবেদন তুললেও তাতে সাড়া দেননি রেফারি। ভিএআরের সাহায্য নিতেও অস্বীকৃতি জানান তিনি। অথচ ওসাসুনার ডি-বক্সে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে পাড়া দিয়েছিলেন লুকাস তোরো। বিতর্কের সেখানেই শেষ নয়। দ্বিতীয়ার্ধে ওসাসুনার খেলোয়াড়রা বারবার সময় নষ্ট করলেও রেফারি যোগ করেন মাত্র চার মিনিট।

carlo_ancelotti.jpg
ছবি: টুইটার

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দুটি বিষয় নিয়েই প্রশ্ন তুললেন আনচেলত্তি, 'পেনাল্টি একটি জটিল ইস্যু। আমি যেটা দেখেছিলাম, ভিনিসিয়ুস রেফারির কাছে ভিএআরের সাহায্য নেওয়ার জন্য আবেদন করছিল এবং কেন পেনাল্টি দেওয়া হয়নি তা জানতে চাইছিল। পরে আমি কারণটা বুঝতে পারি। সে (তোরো) তার (ভিনিসিয়ুস) পায়ে পাড়া দিয়েছিল এবং আমি মনে করি, এটা পেনাল্টি ছিল। কেন ভিএআরের কাছে যাওয়া হলো না তা বুঝলাম না।'

'আমি রেফারিকে বলেছি, যেভাবে খেলা চলেছে তাতে আমার মনে হয়েছে, তিনি পর্যাপ্ত পরিমাণ সময় যোগ করেননি। আমি তার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি।'

পয়েন্ট হারালেও গোল ব্যবধানে ফের লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। দশ ম্যাচে তাদের অর্জন ২১ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে সেভিয়া, রিয়াল বেতিস ও রিয়াল সোসিয়েদাদ। বেতিস অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।