ফেরানের লক্ষ্যভেদ, পিছিয়ে পড়ার পর বার্সেলোনার ড্র

স্পোর্টস ডেস্ক

ঝলমলে শুরুর পর খেই হারাল বার্সেলোনা। উজ্জীবিত পারফরম্যান্সে এগিয়ে গেল এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল কাতালানরা। তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেসের গোলে তারা মাঠ ছাড়ল ড্র নিয়ে।

বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মাঠে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে ১-১ সমতায়। পুরো ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি স্বাগতিকরা। ডিফেন্ডার তুতা লাল কার্ড দেখায় শেষদিকে তাদের খেলতে হয় একজন কম নিয়ে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ পর জিততে ব্যর্থ হলো বার্সা। আর প্রতিপক্ষের মাঠে তারা জিততে পারল না টানা পাঁচ ম্যাচ পর। তবে প্রতিপক্ষের মাঠে হার এড়ানোয় কিছুটা এগিয়ে থেকে শেষ আটের ফিরতি লেগে নামবে দলটি।

বরাবরের মতো বল পায়ে বিস্তর ব্যবধানে এগিয়ে ছিল স্প্যানিশ পরাশক্তিরা। ম্যাচের ৬৭ শতাংশ সময়ে তারা দখলে রেখেছিল বল। তবে আক্রমণে তারা সুবিধা করতে পারেনি। গোলমুখে তাদের নেওয়া সাত শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। অন্যদিকে, ফ্রাঙ্কফুর্টের ১৬ শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে।

ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পেয়ে যেতে পারত বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে ফেরানের নেওয়া শট ঝাঁপিয়ে আটকান জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপ। তিন মিনিট পর ফ্রাঙ্কফুর্টকেও হতাশ হতে হয়। পাল্টা আক্রমণে ইয়াসপার লিন্ডস্ট্রোম বল বাড়ান ডি-বক্সে। কিন্তু ফাঁকায় থেকেও বল বাইরে মেরে সুযোগ হাতছাড়া করেন সুইস মিডফিল্ডার জিব্রিল সো।

১৮তম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াং পারেননি অচলাবস্থা ভাঙতে। প্রতিপক্ষের আলগা বল পেয়ে গ্যাবনিজ ফরোয়ার্ডের নেওয়া শট লাগে বাইরের দিকের জালে। তাতে গোলবঞ্চিত হয় কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

৩৭তম মিনিটে বার্সার ডি-বক্সে সার্জিও বুসকেতসের চ্যালেঞ্জে ফ্রাঙ্কফুর্টের রাফায়েল বোরে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরের সাহায্য নেওয়া হলে পাল্টে যায় সিদ্ধান্ত।

বিরতির পর ফের খেলা শুরু হলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের কর্নার সফরকারীদের রক্ষণে বাধা পাওয়ার পর ডি-বক্সের বাইরে পেয়ে যান আন্সগার নফ। জার্মান মিডফিল্ডারের জোরালো হাফ ভলি রুখে দেওয়ার কোনো উপায় ছিল না গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনের।

গোল হজমের পর ধীরে ধীরে চাপ বাড়ায় বার্সেলোনা। ৬৬তম মিনিটে মনোহর এক আক্রমণের সফল পরিসমাপ্তিতে সমতায় ফেরে তারা। বদলি নামা উসমান দেম্বেলে পাস দেন ফেরানকে। এরপর ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে বল আদান-প্রদান করে দারুণ শটে ট্র্যাপকে পরাস্ত করেন তিনি।

৭৮তম মিনিটে পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তুতা। তবে একজন বেশি নিয়ে খেলার সুবিধা আদায় করে নিতে পারেনি বার্সা। বাকি সময়ে তারা উল্লেখযোগ্য কোনো ভীতি ছড়াতে পারেনি ফ্রাঙ্কফুর্টের রক্ষণে।

ড্র করলেও বার্সার জন্য দুশ্চিন্তার খবর হয়ে এসেছে জেরার্দ পিকের চোট। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। বদলি হিসেবে নামেন আরেক ডিফেন্ডার ক্লেমোঁ লংলে।

আগামী বৃহস্পতিবার বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হবে দুই দলের কোয়ার্টারের ফিরতি লেগ।