বার্সায় এসে এখনও '৮-২' নিয়ে কথা বলেননি লেভানদোভস্কি
এক মাসেরও বেশি সময় ধরে নানা নাটকীয়তার পর বার্সেলোনার ডেরায় রবার্ট লেভানদোভস্কি। তাও হয়েছে সপ্তাহ খানেকের বেশি হয়ে গেল। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স লিগের সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে কথা বলেননি এ পোলিশ তারকা। যে ম্যাচে বার্সেলোনাকে ৮-২ গোলের ব্যবধানে হারিয়েছিল লেভার বায়ার্ন মিউনিখের কাছে।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনার জন্য সবচেয়ে বিব্রতকর হারই ছিল সেই ম্যাচটি। বায়ার্নের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল দলটি। তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি কাতালানরা। সেই ম্যাচে শুরুতেই বার্সাকে পিছিয়ে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন এই লেভানদোভস্কি। চতুর্থ মিনিটেই তার অ্যাসিস্টে থমাস মুলারের গোল। এরপর শেষদিকে নিজেও দেন একটি গোল।
ভাগ্যের লিখনে এখন সেই লেভানদোভস্কি এখন বার্সেলোনার খেলোয়াড়। সেই হারের দিনে মাঠে থাকা অনেক খেলোয়াড়ই এখন তার সতীর্থ। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরমধ্যেই মাঠে নেমেছেন তিনি। কিন্তু এখনও সেই ম্যাচ নিয়ে সতীর্থদের সঙ্গে কোনো আলোচনাই করেননি তিনি।
প্রাক-মৌসুমের ম্যাচে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন লেভানদোভস্কি। সেখানে সংবাদ সম্মেলনে উঠে আসে সেই ম্যাচের প্রসঙ্গ। তবে সেই ম্যাচ নিয়ে আলোচনা না করাই ভালো বলে জানান এ পোলিশ ফরোয়ার্ড, 'আমাকে স্বীকার করতে হবে যে আমরা এটা সম্পর্কে কথা বলিনি। এটা অতীতের একটি ঘটনা এবং পিছনে না তাকানোই ভালো। এটাই এখন আমাদের চিন্তা করার উপায়।'
গত মৌসুমটা খুবই বাজে গিয়েছে বার্সেলোনার। শিরোপা শূন্য থেকেছে দলটি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই বিদায়। তবে নতুন মৌসুম ভালো যাবে বলেই আশা করছেন লেভা, 'আপনি যদি বার্সেলোনার হয়ে খেলেন, তবে আপনাকে সবসময় শিরোপা জয়ের কথা ভাবতে হবে। তবে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আমাদের সম্ভাবনার রয়েছে, আমরা সেখানে থাকতে পারি এবং লড়াই করতে পারি। গতবারের চেয়ে এবারের মৌসুম ভালো যাবে।'
দলের সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়ার অঙ্গীকার করেন এ ফরোয়ার্ড, 'আমাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দল হিসেবে আমরা কী করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কয়টা গোল করতে চাই তার পরিসংখ্যান নিয়ে কখনও কথা বলি না। আমি দলের সঙ্গে এবং দলের জন্য কী করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
ধাপে ধাপে এগিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান লেভা, 'আমার মাথায় সবসময় খেলা জেতা এবং গোল করার চিন্তা থাকে। খেলা বা প্রতিপক্ষ কোন ব্যাপার না। আমি সবসময় জয়ের জন্য ক্ষুধার্ত। এই দলের দারুণ সম্ভাবনা রয়েছে। আমাদের সবাইকে একসঙ্গে ধাপে ধাপে যেতে হবে।'