বার্সায় পিকের সঙ্গে বেতন কমাচ্ছেন বাকি তিন অধিনায়কও
নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে হলে উচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের বেতন কমানোর কোনো বিকল্পই নেই বার্সেলোনার। আর তার জন্য খেলোয়াড়দের বোঝাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। দ্বিতীয় অধিনায়ক জেরার্দ পিকেকে রাজী করিয়ে এরমধ্যেই তিন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে তারা। তবে দলকে সাহায্য করতে বাকি তিন অধিনায়কও বেতন কমাতে রাজী হয়েছেন বলে জানিয়েছেন পিকে।
চলতি মৌসুমে বেশ বিপাকেই রয়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ছাড়তে হয়েছে এই আর্থিক ঘাটতির কারণে। তার বিদায়ের সময়েই জানা গেছে দলটি আয়ের চেয়েও বেশি বেতন দিচ্ছে তাদের খেলোয়াড়দের। প্রায় ১১০ শতাংশ। অথচ লা লিগার ফেরার প্লে'র নীতি অনুযায়ী সর্বোচ্চ ৭০ শতাংশ বেতন দিতে পারবে তারা। কমপক্ষে ৪০ শতাংশ বেতন না কমাতে পারলে নতুন খেলোয়াড় নিবন্ধন করা আশা ছাড়তে হবে তাদের।
তবে আতোঁয়ান গ্রিজমান, স্যামুয়েল উমতিতিদের মতো উচ্চ বেতনধারীরা বেতন না কমালেও এরমধ্যেই বেতন কমাতে রাজী হয়েছেন পিকে। তাতে পিকের মেমফিস ডিপাই, এরিক গার্সিয়া ও রে মানাজদের নিবন্ধন করাতে পেরেছে বার্সেলোনা। তবে তাতেও ঝামেলা শেষ হয়নি। কমাতে হবে আরও। যে কারণে সের্জিও বুসকেতস, জর্দি আলবা ও সের্জি রোবার্তোরাও রাজী হয়েছেন।
রোববার রাতে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। আর ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়কদের বেতন কমানোর ব্যাপারটি জানান পিকে, 'ক্লাবের আর্থিক অবস্থা উন্নয়নে আমার যা করা উচিৎ ছিল, আমি তাই করেছি। আমার সঙ্গে ক্লাবের অন্যান্য অধিনায়কদের যোগাযোগ রয়েছে। তাদেরও অনুরোধ করা হয়েছে বেতন কমানোর জন্য। আমি জানি তারাও বেতন কমাবেন। শুধুই সময়ের অপেক্ষা।'
মেসির বিদায়ের পর এবার বার্সেলোনার মূল অধিনায়কের দায়িত্ব পালন করবেন বুসকেতস। দ্বিতীয় অধিনায়ক পিকে। আলবা ও রোবার্তো যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অধিনায়ক। ক্লাবের এ দুরবস্থায় অন্য অধিনায়কদের সঙ্গে সাহায্য করতে পেরে গর্বিত পিকে, 'দলে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে আমাদের এটাই (বেতন কমানো) প্রথমে করতে হতো। আমরা একটি পরিবার। এবং অধিনায়করা এটা করার জন্য আগ্রহী। তবে এরজন্য অফিশিয়ালি কাউকে করতে হবে। আমি জানি অন্যরা এটা করার খুব কাছাকাছি রয়েছে। আমি অন্য অধিনায়কদের নিয়ে গর্ব অনুভব করছি।'
তবে আগের দিন ম্যাচে আলবা বুসকেতসসহ অনেক খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন সমর্থকরা। এমনটা ভুল বোঝাবোঝির কারণেই হয়েছে বলে জানান পিকে, '(দুয়ো দেওয়ার ব্যাপারটা) ভুল বোঝাবোঝির কারণে হয়েছে। মাঝেমধ্যে সবার কাছে শতভাগ সঠিক সংবাদটা পৌঁছায় না। সব অধিনায়কই দলকে সাহায্য করতে চায়। আমার সঙ্গে তাদের কথা হয়েছে। তারা শুরু থেকেই এমনটা চেয়েছেন।'