বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল বলেননি রাফিনহা!

By স্পোর্টস ডেস্ক

লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পরপরই ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন রাফিনহা। আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি জায়গা করে নিয়েছেন একটি মন্তব্যের মাধ্যমে। রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সাকে ভালো দল বলেছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তবে এক দিনের ব্যবধানে রাফিনহা দাবি করেছেন, তার কথাগুলো গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে আমেরিকার ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। পিয়েরে-এমরিক অবামেয়াং, আনসু ফাতি, পাবলো গাভিরা, মেমফিস ডিপাই ও ওসমান দেম্বেলের পাশাপাশি জালের ঠিকানা খুঁজে নেন রাফিনহা। এরপর সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ। সেখানে তিনি কথা বলেছিলেন রিয়ালের বিপক্ষে বার্সেলোনার আসন্ন হাইভোল্টেজ লড়াই নিয়ে। আগামী শনিবার লাস ভেগাসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্পেনের দুই পরাশক্তি।

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকো নিয়ে রাফিনহার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরা হয়েছিল এভাবে, 'একজন সবসময়ই যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে চায়। যদি এটা ডার্বি ম্যাচে হয়, তাহলে তো আরও বেশি অনুপ্রাণিত থাকে। সবচেয়ে বড় কথা হলো দলের জয়। তবে আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।'

রাফিনহার বার্সাকে সেরা বলা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হতে সময় লাগেনি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, তিনি এমন কিছু না বলার দাবি করেছেন। তার বক্তব্য ভুল অনুবাদ করে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওই সংবাদ সম্মেলনের একটি ভিডিও পোস্ট করেছেন রাফিনহা। সেখানে পর্তুগিজ ভাষায় তিনি যা বলেছিলেন, তার বাংলা অর্থ দাঁড়ায়, 'আমরা সবসময় এল ক্লাসিকো খেলতে চাই এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চাই। আমি সত্যিই (রিয়ালের বিপক্ষে) এই ম্যাচগুলো খেলার জন্য মুখিয়ে আছি। কারণ, আমার মতে, (দুই দলের) এই ম্যাচগুলো সেরা।'

উল্লেখ্য, পেশাদার ক্যারিয়ারে এখনও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হননি রাফিনহা। লাস ভেগাসে অনুষ্ঠেয় ম্যাচটি তার জন্য বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে নিজেকে পরিচিত করে তোলার বড় সুযোগ। আর তা লুফে নিতে নিশ্চয়ই ভীষণভাবে মুখিয়ে থাকবেন তিনি।