বার্সেলোনার বিপক্ষে খেলাটা হবে 'খুবই অদ্ভুত', বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও পিএসজির যদি দেখা হয়ে যায়? সেক্ষেত্রে পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামতে হবে লিওনেল মেসিকে। ২১ বছর যে ঠিকানায় কাটিয়ে তারকাখ্যাতির চূড়ায় পৌঁছেছেন, তাদের মোকাবিলা করতে কেমন লাগবে তার? বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে খেলার সময় কেমন অনুভব করবেন তিনি?

মঙ্গলবার মেসির সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষরের পরদিন পিএসজি আয়োজন করে সংবাদ সম্মেলনের। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ফরাসি ক্লাবটি নিজেদের নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টাইন অধিনায়ককে।

কদিন আগে বার্সেলোনার হয়ে বিদায়ী সংবাদ রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি জানিয়েছিলেন, বার্সেলোনা তার বাড়ি। পিএসজির হয়ে নতুন পথচলা শুরুর আগেও তিনি বললেন, স্প্যানিশ ক্লাবটির প্রতি তার ভালোবাসা থাকবে অটুট, 'ক্লাবটির প্রতি আমার ভালোবাসা ও মমতার কথা সবাই জানে। আমি সেখানে ছোটবেলা থেকে ছিলাম। এটা (বার্সেলোনা) সবসময়ই আমার বাড়ি থাকবে। আর দেখা যাক, ইউরোপে আমরা মুখোমুখি হই কিনা।'

চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যুতে বার্সার বিপক্ষে খেলার পরিস্থিতি এলে কেমন বোধ করবেন সেটারও ধারণা দেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, 'ক্যাম্প ন্যুতে অন্য কোনো জার্সি গায়ে ফেরাটা হবে খুবই অদ্ভুত। কিন্তু এটাই ফুটবল। এরকমটা হতেই পারে।'

উল্লেখ্য, বার্সেলোনার হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলায় অজস্র কীর্তি গড়েন মেসি। অসাধারণ নৈপুণ্যে নিজেকে ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ড তার দখলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে তিনি করেন ৬৭২ গোল। পাশাপাশি দশটি স্প্যানিশ লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ তিনি জেতেন ৩৫টি শিরোপা।