'বিরক্ত' হয়ে নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি
পাঁচ বছরে হতে চলল নেইমার যোগ দিয়েছেন পিএসজিতে। কিন্তু যে স্বপ্ন বুকে পুষে তাকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে দলে টেনেছে ফরাসি ক্লাবটি, সেটা থেকে গেছে অধরাই। শেষ ষোলো থেকে ছিটকে গিয়ে এই মৌসুমেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না তাদের। প্রত্যাশার দাবি মেটাতে না পারায় নেইমারের ওপর বেজায় বিরক্ত প্যারিসিয়ানদের সভাপতি নাসের আল খেলাইফি। তাই আগামী মৌসুমে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি।
খ্যাতিমান ফ্রিল্যান্স সাংবাদিক রোমেইন মলিনার বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কা এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মলিনা বিবিসি, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ানের মতো সুপরিচিত গণমাধ্যমে লিখে থাকেন।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। তাদেরকে খরচ করতে হয়েছিল ২২২ মিলিয়ন ইউরো। কিন্তু প্যারিসে পাড়ি জমানোর পর নিজের সেরাটা খুব কম সময়েই নিংড়ে দিতে পেরেছেন। চলতি মৌসুমের কথাই ধরা যাক। গোলের হিসাবে নেইমারের পারফরম্যান্স মোটেও আশা জাগানিয়া নয়। লিগ ওয়ানে ১৩ ম্যাচ খেলে মাত্র ৪ গোল করেছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে ছয় ম্যাচ খেলে জালের দেখা পাননি একবারও।
মার্কার জানিয়েছে, পিএসজি সভাপতি খেলাইফি ইতোমধ্যে তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে বিক্রি করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ভাবছেন না তিনি। ইতিহাস গড়ে নেইমারকে কিনলেও তাকে বিক্রি করে সেই পরিমাণ অর্থ প্রাপ্তির আশা করছে না ক্লাবটি। তারা নেইমারের দাম হাঁকাবে ১০০ মিলিয়নের আশেপাশে।
গত বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। অথচ ৬০তম মিনিটে পর্যন্ত তারা এগিয়েছিল ১-০ ব্যবধানে। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জেতায় পিএসজির পরের পর্বে যাওয়ার সম্ভাবনা ছিল উজ্জ্বল। কিন্তু করিম বেনজেমার জাদুতে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে শেষ আটে নাম লেখায় রিয়াল। পিএসজির বিদায়ের রাতে নেইমারও ছাপ রাখতে পারেননি নিজের সামর্থ্যের।
পিএসজিতে নাম লেখানোর পর অনেকবার চোটে পড়েছেন নেইমার। এতে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে দিনের পর দিন। কেবল মাঠের ভেতরের ব্যাপার নয়, নেইমারের মাঠের বাইরের কর্মকাণ্ড অনেক সময় বুঝিয়ে দিয়েছে যে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। নেইমারের বার্সায় ফেরার গুঞ্জনও চলেছে লম্বা সময় ধরে। দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফির পরিমাণ নিয়ে বনিবনা না হওয়ায় তিনি থেকে গেছেন পিএসজিতে।
বেশিরভাগ ফুটবল বিশ্লেষকের মতে, অমিত প্রতিভাবান হলেও নেইমার পৌঁছাতে পারেননি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সমপর্যায়ে। ক্যারিয়ারের সামনে থাকা সময়ে তিনি তিনি সেটা পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। মার্কা লিখেছে, তার সেরা সময়টা আসলে বার্সেলোনাতেই ফেলে এসেছেন নেইমার।