বিশ্বকাপ বাছাই পর্বে মার্তিনেজ-রোমেরোদের পাচ্ছে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত লাল তালিকা ভুক্ত দেশগুলোতে খেলোয়াড় ছাড়বে না ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে এমন সিদ্ধান্তই নিয়েছিল তারা। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে তাদের। প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার খেলোয়াড়রা জাতীয় দলের তাঁবুতে যোগ দিচ্ছেন বলেই জানিয়েছে শীর্ষস্থানীয় আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

কাতার বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রিমিয়ার লিগের চার খেলোয়াড় এস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং টটেনহ্যাম হটস্পার্সের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলের হয়ে খেলতে খুব শীগগিরই তারা সরাসরি ভেনেজুয়েলায় পৌঁছবেন তারা।

আর টিওয়াইসির সংবাদ যে সত্যি তার প্রমাণ দিয়েছেন ভিলা গোলরক্ষক মার্তিনেজ। জাতীয় দলের হয়ে যে খেলতে যাচ্ছেন তা জানিয়ে সামাজিকমাধ্যমে লিখেছেন, 'আজ খুবই কঠিন পয়েন্ট পেলাম। পরবর্তী গন্তব্য, আর্জেন্টিনা।' আগের দিন নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে উত্তেজনা ছড়ানো ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মার্তিনেজের দল ভিলা।

জাতীয় দলের হয়ে খেলতে আসায় মার্তিনেজদের ক্লাবের হয়ে দুই থেকে তিনটি ম্যাচ মিস করতে হতে পারে। কারণ লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে ফুটবলাররা ফেরার পর সরকারি আইন অনুযায়ী কমপক্ষে ১০ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

ইংলিশ লিগে খেলা চার খেলোয়াড় ছাড়া স্কোয়াডে ইউরোপে আরও ১৮ জন খেলোয়াড় রয়েছেন যাদের জাতীয় দলে খেলা নিষিদ্ধ করেছে ক্লাবগুলো। এরমধ্যেই স্পেনেই আছেন ৮ জন, ইতালিতে ৯ জন ও পর্তুগালে ১ জন। জানা গেছে নিষেধাজ্ঞা অমান্য করে আলবিসেলেস্তাদের হয়ে খেলতে আসছেন সবাই-ই। এদিকে স্কোয়াডে থাকা আর্জেন্টিনার স্থানীয় খেলোয়াড়রা ইতোমধ্যেই পৌঁছেছে ভেনেজুয়েলায়।