ব্রাজিল দলে ফিরলেন নেইমার
চোট কাটিয়ে কিছুদিন আগেই ফিরেছেন পিএসজি দলে। সে ধারায় এবার জাতীয় দলেও ফিরলেন নেইমার। চলতি মাসের শেষ সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাকে নিয়েই ২৫ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ তিতে।
গত ২৮ নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। ফলে জানুয়ারিতে ব্রাজিলের জার্সি গায়ে গত রাউন্ডে বাছাই পর্বে খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে ফেরেন।
দলে চমক হিসেবে প্রথমবার সিনিয়র দলের প্রধান স্কোয়াডে ডাক পেয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি। গত অলিম্পিকসে ব্রাজিলের সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এর আগে অবশ্য ২০১৯ সালে কোপা আমেরিকার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন এ আর্সেনাল তরুণ।
মার্তিনেলির পাশাপাশি তার আর্সেনাল সতীর্থ গ্যাব্রিয়েল মাগালেয়াসও দলে ডাক পেয়েছেন। এর আগেও সিনিয়র দলের হয়ে ডাক পেয়েছিলেন। ছিলেন ম্যাচ ডের স্কোয়াডেও। তবে মাঠে নামার সুযোগ হয়নি। বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকা খেলোয়াড়দের।
আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ও ছয়দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট অর্জন করেছে দলটি। ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে তিতের দল। ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থুর মেলো (জুভেন্টাস)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফেবিনহো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), অ্যান্তোনি (আয়াক্স)।
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।