ব্রেস্তের বিপক্ষেও পিএসজির স্কোয়াডে নেই মেসি-নেইমার
গুঞ্জনটা আগেই ছিল। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক হচ্ছে না লিওনেল মেসির। অনুমিতভাবেই লিগ ওয়ানের পরবর্তী ম্যাচের স্কোয়াডে সাবেক বার্সেলোনা তারকাকে রাখেননি কোচ মাউরিসিও পচেত্তিনো। একই সঙ্গে নেই দলের আরেক তারকা নেইমারও।
স্বাভাবিকভাবেই তাই বাড়ছে মেসি ভক্তদের অপেক্ষা। প্রিয় তারকাকে মাঠে দেখতে মুখিয়ে আছেন তারা। অবশ্য ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পরের ম্যাচেই মাঠে থাকতে পারেন মেসি। আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে লা পার্সিয়ানদের হয়ে মাঠে নামার প্রত্যাশা করছেন রেকর্ড ছয় বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
বার্সেলোনার হয়ে মৌসুম শেষ করার পর কোপা আমেরিকায় খেলতে গিয়েছিলেন মেসি। পেয়েছেন প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রফির স্বাদ। সে আসর শেষে ছুটি কাটিয়েছেন লম্বা সময়। প্রাক মৌসুমের কোনো ম্যাচই খেলা হয়নি তার। যে কারণে ম্যাচ ফিটনেসের ঘাটতি থাকায় তাকে এখনই মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছেন পিএসজি কোচ।
গত ১০ আগস্ট পিএসজিতে যোগ দেওয়ার পর দুই দিন পরই তাদের হয়ে অনুশীলনে নেমেছিলেন মেসি। প্যারিসে মানিয়ে নেওয়ার চেষ্টাও চালাচ্ছেন জোরেশোরেই। অনুশীলনেও দারুণ করছেন। যার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। কিন্তু এখনও ম্যাচ ফিটনেস না পাওয়াতেই প্রতিযোগিতামূলক মাঠে নামতে দেরি হচ্ছে তার।
মেসির মতো নেইমারও খেলেছেন কোপা আমেরিকায়। তিনিও খেলেননি কোনো প্রস্তুতি ম্যাচে। যদিও মেসির আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েই গেছে। যে কারণে তাকে স্কোয়াডে রাখেননি কোচ। পরের ম্যাচে দুই বন্ধু একত্রেই নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন।
তবে মেসি- নেইমার না ফিরলেও ফিরেছেন আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি ও মারকুইনোস। এ তারকারাও কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন। তবে ছুটি কাটিয়ে আগেই দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি ম্যাচে থাকায় স্কোয়াডে আছেন তারা। আছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাও।
আগামী শনিবার (২১ আগস্ট) ব্রেস্তের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি। এর আগে ত্রয়েসের বিপক্ষে ২-১ গোলের জয়ে শুভ সূচনা করেছে দলটি।