মনের জোরেই এভাবে ফিরে আসা যায়, বলছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক

প্রথম লেগে এক গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচেও প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেকেই তখন বিদায় দেখছিলেন রিয়ালের। কারণ কাজটা যে তখন অনেক কঠিন। রিয়াল অবশ্য কখনই মনোবল হারায়নি। ১৮ মিনিটের ঝলকে হ্যাটট্রিক করে দলকে স্মরণীয় জয় পাইয়ে দেওয়া করিম বেনজামা বলছেন, এই ফিরে আসা তাদের অদম্য মনোবলের প্রমাণ।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যু উৎসবে মাতে বেনজেমার ঝলকে। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত রিয়াল এক গোলে পিছিয়ে ছিল। দুই লেগ মিলিয়ে তখন তারা পিছিয়ে আসলে ২-০ গোলে। এরপরের সেই রোমাঞ্চকর কয়েকমিনিট।

যাতে পর পর তিন গোল করে স্প্যানিশ জায়ান্টরা ম্যাচ জিতে যায় ৩-১ গোলে। ৩-২ ব্যবধানের গোল পার্থক্য নিয়ে লিওনেল মেসিদের পিএসজিকে বিদায় করে পা রাখে শেষ আতে।

ম্যাচ শেষে রিয়াল ভক্তদের মধ্যমণি হয়েছেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। উৎসবে মাতোয়ারা হয়ে গণমধ্যমকে তিনি জানান কতটা তেতে ছিলেন তারা, 'রিয়াল মাদ্রিদ জাগ্রত আছে এবং আমরা দেখিয়েছি যেকারো বিপক্ষে কীভাবে জেতা যায়।'

'এই ফিরে আসাটা হয়েছে মানসিক শক্তির কারণে। এই কিংবদন্তি ক্লাবের অংশ হওয়ায় এবং এগিয়ে যাওয়ায় নিজেকে সম্মানিত মনে করছি।'

৬১তম মিনিটে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজো দোন্নারুমার ভুলে সুযোগ তৈরি হয় বেনজেমার। মার্কো ভেরাত্তির ব্যাক-পাসে অযথা কালক্ষেপণ করে বেনজেমার চাপের মুখে পড়েন দোন্নারুমা। এরপর বল বিপদমুক্ত করতে গিয়ে এই ইতালিয়ান তুলে দেন ভিনিসিয়ুসের পায়ে। তার কাছ থেকে বল পেয়ে অনায়াসে ফাঁকা জালে বল ঠেলে দেন বেনজেমা।

৭৬ মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে বল জালে জড়ান ফরাসি তারকা। দুই মিনিট পর শেষ পেরেক ঠুকে দেন তিনি।  ডি-বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসের পা থেকে বল কেড়ে বিপদমুক্ত করতে চেয়েছিলেন মার্কুইনোস। কিন্তু বল পেয়ে যান সুযোগ সন্ধানী বেনজেমা। দারুণ নিচু শটে হ্যাটট্রিক পুরো করে আনন্দে উদ্বেল হয়ে উঠেন তিনি।