মাঠে ফেরার ইঙ্গিত দিলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক

বাধ্য হয়ে বুট জোড়া তুলে রাখতে হয়েছে সের্জিও আগুয়েরোর। তবে ফুটবল যে এখনও তার হৃদয় জুড়ে। এ খেলা থেকে নিজেকে সরিয়ে রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। খুব শীগগিরই হয়তো ফের বুট জোড়া পরবেন। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা।

হঠাৎ করেই হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়ায় মাত্র ৩৩ বছর বয়সে থামতে হয়েছে আগুয়েরোকে। অথচ কতো স্বপ্ন নিয়েই মৌসুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নতুন ক্লাবে কিছু করে দেখানোর সুযোগটিই পাননি তিনি।

তবে সহসাই আবার মাঠে ফিরতে পারেন এ আর্জেন্টাইন, 'গতকাল (মঙ্গলবার) আমি আমার মনকে ছাড়িয়ে গিয়েছি। আমি আবার ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ-ছয় মাসের জন্য সব ধরণের অ্যাকশন থেকে বিরত থাকতে বলেছে। তবে আমি এখনই অনুশীলন করতে চাই।'

তবে মাঠে ফিরলেও ফের পেশাদার ফুটবল খেলছেন না আগুয়েরো। কেবল নিজের বিনোদনের জন্য খেলবেন তিনি, 'আমি বিনোদনমূলকভাবে খেলতে চাই। তারা আমাকে মিয়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছিল। তবে আমি যাইনি। আমি ডাক্তারের কাছে একটি বার্তা পাঠাতে চাই।'

গত অক্টোবরের শেষদিকে আলাভেসের বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিট হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরে তার হৃদযন্ত্রে সমস্যা চিহ্নিত করেন চিকিৎসকরা।

পরে জানা যায় অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন আগুয়েরো। প্রাথমিকভাবে তিন মাস মাঠের বাইরে থাকলেই সুস্থ হবেন ভাবলেও পরে বদলে যায় সবকিছুই। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখতে হয় তাকে।

ফুটবল ক্যারিয়ারটা বর্ণাঢ্যই ছিল আগুয়েরো। ২০০৬ সালে ইউরোপে পাড়ি দেওয়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদে পাঁচ মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে যোগ দেন ম্যান সিটিতে। সেখানে এক দশক কাটিয়ে ২৬০ গোল করে সিটিজেনদের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন তিনি। আর্জেন্টিনার হয়ে করেছেন ৪১ গোল। গত বছর কোপা আর্জেন্টিনার আমেরিকা জয়ের অন্যতম সদস্যও ছিলেন এ তারকা।