মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার!
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পরই যেন সবকিছু গেল বদলে। সমর্থকরা সব ক্ষেপে আছেন নেইমারের উপর। গোল করেও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। এমনকি বিরক্ত হয়ে তাকে বেচে দেওয়ার ভাবনাও রয়েছে ক্লাবটির। আর বিষয়টি ভালো ভাবে নেননি এ ব্রাজিলিয়ান। অনুশীলন করাই না-কি ছেড়ে দিয়েছেন। এলেও আসছেন মাতাল হয়ে! এমন বিস্ময়কর মন্তব্যই করেছেন ফরাসি সাংবাদিক দানিয়েল রাইওলো।
সবমিলিয়ে বেশ বাজে সময়ের মধ্যেই যাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে এবার ভালো কিছু করার প্রত্যয়ে নামা দলটি রিয়াল মাদ্রিদের কাছে ১৭ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয়ে। এরপর লিগ ওয়ানের সবশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে উড়ে গেছে তারা। অসুস্থতার কারণে সে ম্যাচে তারকা ফুটবলার লিওনেল মেসি খেলেননি। ছন্দহীনতায় নেইমারও খেলতে পারেননি পুরো ম্যাচ। ৭৭তম মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ।
বাজে সময়ের মধ্যে যাচ্ছেন নেইমারও। আরএমসি স্পোর্টের সঙ্গে আলাপকালে এ ব্রাজিলিয়ান তারকার উপর বেশ বড় অভিযোগই এনেছেন সাংবাদিক রাইওলো, 'নেইমার এখন অনুশীলন বলতে গেলে করেই না। খুবই করুণ অবস্থায় আসে অনুশীলনে, প্রায় মাতাল অবস্থায়। এখন এমনই চলছে। পিএসজির ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তার মধ্যে। ক্লাব ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে।'
সমালোচনা খুব একটা স্বাভাবিকভাবে নিতে পারেন না নেইমার। মাঠের বাইরে সময়টা ভালো না গেলে মাঠেও প্রভাব পড়ে তার। কদিন আগেই এক তথ্যচিত্রে ফুটবলজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এমনটাই বলেছেন। ক্রমবর্ধমান চাপে ফুটবলের প্রতি মাঝেমধ্যেই ভালোবাসা হারিয়ে ফেলেন। আর সাম্প্রতিক সময়ের এ ঘটনাগুলো তো স্বাভাবিকভাবেই প্রভাব ফেলতে শুরু করেছে নেইমারের খেলায়। মনোযোগ দিতে পারছেন না অনুশীলনে।
তবে পিএসজি সমর্থকরা নেইমারের এসকল ব্যাপারে আগ্রহী নয় বলেই জানান রাইওলো, 'ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আর ক্লাবে চান না পিএসজির সমর্থকেরা। নেইমারের নাটককে আর পাত্তা দেয় না পিএসজির সমর্থকেরা। তার নেটফ্লিক্স তথ্যচিত্রে যেমনটা বলা হয়েছে, তিনি ভালো (মানসিকভাবে) নেই। এতে তাদের কিছু যায় আসে না। আমাদের তার চেক স্বাক্ষর করে তাকে চলে যেতে দেওয়াই ভালো। সে ক্লাবের অনেক ক্ষতি করছে। তাকে যেতে দেওয়াই ভালো। সে পিএসজিকে ধ্বংস করে দিচ্ছে।'