মালদ্বীপের মাঠে ফের হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে ১৮ বছর পর জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য ছিল মালদ্বীপের মাঠেই তাদের হারানোর। তবে অপেক্ষাটা বাড়ল লাল-সবুজ জার্সিধারীদের। আধিপত্য ধরে রাখল মালদ্বীপ। আরও একটি হার বাংলাদেশের।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল হজম করে জামাল ভুঁইয়ারা। এর আগে মালদ্বীপের মাঠে খেলা দুটি ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।

এ ম্যাচে দৃষ্টি ছিল বাংলাদেশের নতুন কোচ হাভিয়ের কাবরেরার দিকেও। তবে হার দিয়ে শুরু করতে হলো এ স্প্যানিশ কোচকে। গত জানুয়ারিতে দায়িত্ব পেলেও এবার মালদ্বীপে যাওয়ার আগে প্রস্তুতির জন্য সময় পেয়েছিলেন মাত্র চার দিন। তার প্রভাবটা ভালোভাবেই পড়ে ম্যাচে।

ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপ যথারীতি আধিপত্য রাখে ম্যাচে। ৩৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন হাসান রাইফ। আর দ্বিতীয়ার্ধের ১৬ মিনিট যেতে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম হাসান।

৬৯তম মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠিয়েছিল মালদ্বীপ। অফসাইডের কারণে গোল পাননি আব্দুল্লাহ ইয়ামিন।

আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।