মেসিকে বেঞ্চে রেখে খেলতে নেমে আর্জেন্টিনার কষ্টের জয়
চোট থেকে সেরে উঠলেও লিওনেল মেসির জায়গা হলো বেঞ্চে। শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে নামলেন তিনি। খেলায় অবশ্য তেমন প্রভাব বিস্তার করতে পারলেন না। তবে উরুগুয়ের আক্রমণের ঝাপটা শুরুর আগেই আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন আনহেল দি মারিয়া। ওই গোলই পার্থক্য গড়ে দিল ম্যাচে। কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছে পৌঁছে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।
শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মন্তেভিদিওতে স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে আর্জেন্টিনা। গত মাসে দুদলের আগের দেখায় নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা।
বল দখলে অনেক এগিয়ে থাকলেও এদিন আক্রমণে সুবিধা করতে পারেনি সফরকারীরা। তারা গোলমুখে নিতে পারে মাত্র সাতটি শট। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। অন্যদিকে, উরুগুয়ে ১৯টি শট নিলেও লক্ষ্যে রাখে কেবল চারটি। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে আর্জেন্টিনার খেলায় গতি কমে আসে। এরপর ম্যাচের বাকিটা সময় চাপ ধরে রাখে উরুগুয়ে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।
সপ্তম মিনিটেই আর্জেন্টিনাকে উল্লাসে মাতান পিএসজির উইঙ্গার দি মারিয়া। মেসির জায়গায় শুরুর একাদশে খেলা পাওলো দিবালার পাসে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নিয়ে জাল কাঁপান তিনি। ম্যাচের উরুগুয়ের সমতায় ফেরার সেরা সুযোগটি এসেছিল ৩২তম মিনিটে। অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার লুইস সুয়ারেজের শট আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে। ফিরতি বলে ফাঁকায় থেকেও তিনি যে শট নেন, তা হয় লক্ষ্যভ্রষ্ট।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্কালোনির দল। বাছাইয়ে ১২ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। আর্জেন্টিনার ওপরে আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।