মেসির অপেক্ষায় প্যারিস বিমানবন্দরে হাজারো সমর্থকের ভিড়
এইতো মাস ছয়েক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওনেল মেসিদের দুয়ো দিয়েছিল পিএসজির সমর্থকরা। মাঠে নানা ধরণের কটূক্তি লিখিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয়েছিল তারা। সেই সমর্থকরাই এখন মেসিকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন প্যারিস বিমানবন্দরে। অথচ বার্সেলোনাতেই আছেন মেসি। প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনও।
ছুটি কাটিয়ে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে গিয়েছিলেন মেসি। তখন পর্যন্ত সব ঠিকঠাক। কিন্তু এরপরই যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। তাদের চুক্তি আটকে দেয় লা লিগা। তাদের বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পড়ে প্রাণ প্রিয় ক্লাব ছাড়তে হচ্ছে তাকে। আর তাতেই নড়েচড়ে বসে পিএসজি।
মেসিকে পেতে অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছে প্যারিসের ক্লাবটি। নেইমারকে দলভুক্ত করার আগে এ আর্জেন্টাইনকে পেতে বড় প্রস্তাবই দিয়েছিল তারা। কিন্তু মেসি রাজী না হওয়ায় নেইমারের দিক হাত বাড়ায় তারা। আর এবার যখন সে সুযোগ এসেছে, কোনোভাবেই তা হাতছাড়া করতে রাজী নয় দলটি। রাজী নন তাদের সমর্থকরাও।
তাই তো মেসির আসার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই হাজারো সমর্থক ভিড় করছেন বিমানবন্দরে। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়কে নিজ শহরে সবার আগেই স্বাগত জানাতে চায় তারা। আর সে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশদের।
মূলত একটি উড়ো খবরের ভিত্তিতে রোববার বিকেলে থেকে বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন সমর্থকরা। গুঞ্জন ছিল গতকাল বিকেলে মেডিক্যাল করাতে প্যারিস পৌঁছাতে পারেন মেসি। বেশ কিছু সংবাদমাধ্যমও এমন খবর প্রচার করেছিল। তাতেই ভিড় বাড়তে থাকে বিমানবন্দরে।
অবশ্য গুঞ্জনটা ছড়িয়ে পরে মেসির সংবাদ সম্মেলনের উত্তরেই। পিএসজিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে বলেছিলেন, 'সত্যিই সেটা (পিএসজি) একটি সম্ভাবনা। কিন্তু কারও সঙ্গে আমার কোনোকিছু চূড়ান্ত হয়নি। সত্যি বলতে, আমি অনেক ফোন পেয়েছি, অনেক ক্লাব আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে, আমি কোনোকিছু চূড়ান্ত নয়ই। অনেক কিছু নিয়ে আলোচনা চলছে।'