মেসির কারণে গোল বাড়বে এমবাপের, বললেন সাবেক রিয়াল তারকা
কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে নিয়ে জল ক্রমেই ঘোলা হচ্ছে। আগামী বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এই তরুণ স্ট্রাইকারের দিকে অনেক দিন ধরেই নজর রাখছে রিয়াল মাদ্রিদ। তবে ফরাসি ক্লাবটিতে লিওনেল মেসি ও এমবাপের মধ্যে সমন্বয় ঘটলে অন্য কোনো ক্লাবের পক্ষে তাকে কিনে নেওয়া ভীষণ কঠিন হবে বলে মনে করছেন হোর্হে ভালদানো। কিন্তু কেন? রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার সাবেক এই ফুটবলারের মতে, দুজনের মধ্যে বোঝাপড়া গড়ে উঠলে এমবাপের গোলসংখ্যা অনেক বাড়বে।
স্প্যানিশ লা লিগার সফলতম ক্লাব রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কয়েক দিন আগে আশাবাদ জানান, আগামী জানুয়ারিতে এমবাপে তাদের দলে যোগ দিতে সম্মত হবেন। যেহেতু চলতি মৌসুম শেষে অর্থাৎ আগামী গ্রীষ্মে এমবাপে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন, সেহেতু ১ জানুয়ারি থেকেই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন তিনি। পরবর্তীতে অবশ্য নিজের বক্তব্য পাল্টে ফেলেন পেরেজ। পিএসজির প্রতি নিজেদের শ্রদ্ধার কথা উল্লেখ করে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করার কথা জানান।
রিয়াল সভাপতির মন্তব্য ভালোভাবে নেয়নি পিএসজি। যারপরনাই ক্ষুব্ধ হয়েছে তারা। দলটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এমবাপেকে নিয়ে বলা কথাগুলোকে 'অসম্মানজনক' হিসেবে উল্লেখ করে জানান, 'রিয়াল মাদ্রিদের সভাপতি এমনভাবে কথা বলছেন যেন এমবাপে তাদের নিজেদের খেলোয়াড়।' এসবের মাঝে এমবাপের মা ফাইজা লামারি ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়েনকে দেন আরেক খবর। তিনি জানান, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে যাচ্ছে। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে বলে আভাস দেন তিনি।
এমন ঘোলাটে পরিস্থিতিতে এমবাপের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভালদানো। পিএসজিতে আর্জেন্টাইন মহাতারকা মেসি ও এমবাপের মধ্যে এখনও বোঝাপড়া গড়ে ওঠেনি, সেটা অনুধাবন করছেন তিনি। তবে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জেতা সাবেক এই ফরোয়ার্ড ভবিষ্যদ্বাণী, মেসির সঙ্গে সুর-তাল-ছন্দ মিলে গেলে এমবাপের কাছ থেকে আরও গোল মিলবে। সেক্ষেত্রে রিয়াল বা অন্য কোনো আগ্রহী ক্লাবের কাজটা আরও কঠিন হয়ে যাবে।
স্প্যানিশ গণমাধ্যম লা গালের্নাকে ভালদানো বলেছেন, 'আমরা যা দেখছি, এমবাপের মা-ও ব্যাপারটা বুঝতে পারছেন না। আসলেই। তবে এমনটা হতে পারে যে, হঠাৎ করেই এমবাপে ও মেসির মধ্যে সমন্বয় তৈরি গেল এবং ৩০ গোলের পরিবর্তে এমবাপে ৫০ গোল করল। সেক্ষেত্রে তাকে সেখান (পিএসজি) থেকে বাইরে নেওয়া আরও কঠিন হয়ে পড়বে। এমবাপেকে নিয়ে যে কোনো কিছু ঘটতে পারে।'
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে ৪ গোল করেছেন এমবাপে। ফরাসি লিগ ওয়ানেই সবগুলো গোলের দেখা পেয়েছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২ ম্যাচ খেললেও তিনি খুঁজে পাননি জালের ঠিকানা। আর ভালদানো যার সঙ্গে এমবাপের সমন্বয়ের কথা বলেছেন, সেই মেসির পিএসজি ক্যারিয়ারের শুরুটা মোটেও প্রত্যাশামাফিক হয়নি। সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে তিনি গোল পেয়েছেন কেবল একটি। সতীর্থদের দিয়েও কোনো গোল করাতে পারেননি তিনি।