মেসি না থাকায় বার্সাকে আগের মতো ভয় করে না প্রতিপক্ষরা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তার অনুপস্থিতিতে বার্সেলোনার শক্তি নিঃসন্দেহে কমেছে। কাগজে-কলমে তো বটেই, মাঠেও সেটার প্রমাণ মিলতে শুরু করেছে। কাতালানদের কোচ রোনাল্ড কোমানও স্বীকার করেছেন, মেসিবিহীন বার্সাকে আগের চেয়ে কম ভয় পায় প্রতিপক্ষ ক্লাবগুলো।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে দশ জন নিয়ে খেলা শেষ করা বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ইনিগো মার্তিনেজের লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল ম্যাচে বেশি সুযোগ তৈরি করা স্বাগতিকরা। বল দখলে প্রাধান্য দেখানো বার্সাকে পরে সমতায় ফেরান চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়া মেম্ফিস ডিপাই। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্কোয়াডের আরেক নতুন সদস্য এরিক গার্সিয়া।

অ্যাথলেতিকের মাঠে পয়েন্ট ভাগাভাগির পর রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসির শূন্যতা অনুভবের কথা জানান কোমান, 'আমি একই জিনিস নিয়ে বারবার কথা বলতে পছন্দ করি না। কিন্তু আমরা এখানে এমন একজনকে নিয়ে কথা বলছি, যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি যখন এখানে ছিল, তখন প্রতিপক্ষরা আমাদের অনেক বেশি ভয় পেত।'

বার্সেলোনার খেলাতেও মেসির অনুপস্থিতির ছাপ স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করেন তিনি, 'সে থাকলে আমাদের জন্যও অনেক সুবিধা হতো। যখন আপনি লিওকে বল পাস দেবেন, সাধারণত সে বল হারাবে না। এখন আপনি খেলা দেখে বলতে পারবেন যে, মেসি নেই। আমাদের সেটা জানা আছে। আর এই পরিস্থিতি পরিবর্তন করার কোনো উপায়ও আমাদের নেই।'

নিজেদের মাঠে বার্সার কঠিন পরীক্ষা নেয় অ্যাথলেতিক। আক্রমণের পসরা সাজিয়ে পূর্ণ পয়েন্টের আশা জাগিয়েছিল তারা। ইনাকি উইলিয়ামস, ওহিয়ান সানচেত, অ্যালেক্স বেরেনগেররা গোলমুখে ১৬টি নিয়ে সাতটি রাখেন লক্ষ্যে। বিপরীতে, বার্সার নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

বার্সা কোচ কোমানের মতে, শুরুতেই চাপে পড়ে গিয়েছিল তার শিষ্যরা, 'তারা আমাদেরকে অনেক প্রেস করেছে। আমাদের জানা উচিত কখন আমরা নিচের দিকে ছোট ছোট পাসে খেলব, একদম গোলরক্ষক থেকে শুরু করে। প্রথম ১৫ মিনিট আমরা যথেষ্ট শান্ত থাকতে পারিনি।'

চাপ সামলে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায় করে নেওয়ায় সন্তুষ্টিও ঝরেছে তার কণ্ঠে, 'আমি মনে করি, ড্রই সঠিক ফল। আমাদের সুযোগ ছিল ম্যাচটা জেতার। অ্যাথলেতিকও দারুণ খেলেছে। এই মাঠে অতিথি হিসেবে খেলতে আসা খুব কঠিন। তাই যেভাবে খেলেছি, সেই অনুসারে পাওয়া ফল নিয়ে আমি অখুশি নই।'

আসরের প্রথম ম্যাচে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এবার অ্যাথলেতিকের সঙ্গে ড্রয়ে দুই ম্যাচ খেলে তাদের অর্জন দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। আপাতত গোল ব্যবধানে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মায়োর্কা দুইয়ে ও ভ্যালেন্সিয়া তিনে আছে।