মেসি-নেইমারের শুরুর একাদশে না থাকার ম্যাচে এমবাপের গোল

By স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও নেইমারকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে জায়গা দিলেন কোচ ত্রিস্তফ গালতিয়ে। দ্বিতীয়ার্ধে তারা মাঠে নামলেও খুঁজে পেলেন না জালের ঠিকানা। তবে জাপানের জে-লিগের ক্লাব উরাওয়া রেডসের বিপক্ষে জয় তুলে নিতে সমস্যা হলো না পিএসজির। তাদের গোলদাতাদের তালিকায় জ্বলজ্বল করল ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের নাম।

বর্তমানে জাপান সফরে থাকা পিএসজি শনিবার টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। সাইতামাতে ৬১ হাজার দর্শকের সামনে প্রীতি ম্যাচে তারা উরাওয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। এমবাপে ছাড়াও ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের পক্ষে লক্ষ্যভেদ করেন পাবলো সারাবিয়া ও আর্নো কালিমুয়েন্দো-মুইঙ্গা। গত বুধবার আগের ম্যাচে জে-লিগের চ্যাম্পিয়ন কাওয়াসাকিকে পিএসজি হারিয়েছিল ২-১ গোলে।

কাওয়াসাকির বিপক্ষে শুরুর একাদশে ১০ পরিবর্তন নিয়ে খেলতে নামে পিএসজি। উরাওয়ার বিপক্ষে জায়গা ধরে রাখেন কেবল ২৩ বছর বয়সী এমবাপে। আর্জেন্টাইন মহাতারকা মেসি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতিতে তিনি নেতৃত্ব দেন দলের আক্রমণভাগের। তাকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয় উরাওয়ার। ম্যাচের ৫৮তম মিনিটে এমবাপের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। সেসময় মেসিও মাঠে প্রবেশ করেন মাউরো ইকার্দির পরিবর্তে।

শুরুর নড়বড়ে ভাব কাটিয়ে ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপের কাছ থেকে বল পেয়ে সারাবিয়াকে খুঁজে নেন ইকার্দি। ডি-বক্সের বাইরে থেকে নিশানা ভেদ করেন স্প্যানিশ উইঙ্গার সারাবিয়া। ৩৪তম মিনিটে দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বামপ্রান্তে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি বিরতির পর আরও একবার গোলের উল্লাস করে। ৭৬তম মিনিটে উরাওয়ার জাল খুঁজে নেন তরুণ ফরাসি স্ট্রাইকার কালিমুয়েন্দো-মুইঙ্গা। কাওয়াসাকির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এর আগে ৫৮তম মিনিটে প্যারিসিয়ানদের এরিক এদিম্বে বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

জাপান সফরে আর একটি ম্যাচ খেলবে গালতিয়ের শিষ্যরা। আগামী সোমবার ওসাকায় গাম্বা ওসাকার মুখোমুখি হবে তারা।