মেসি-নেইমারের সঙ্গে আগে রসায়ন না জমায় আক্ষেপ এমবাপের
টানা দ্বিতীয় ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির আক্রমণভাগের তিন তারকা। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের এমন দুর্দান্ত সমন্বয় নিশ্চয়ই আক্ষেপে পোড়াচ্ছে দলটির ভক্তদের। আর কিছুদিন আগেই তাদের রসায়নটা জমে উঠলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকেও থাকতে পারত তারা! এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হতাশা গোপন করলেন না বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপেও।
শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ক্লেমোঁ ফুতের মাঠে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল হজম করে তারা। বিরতির পর প্রতিপক্ষের ওপর তাণ্ডব চালিয়ে ১২ মিনিটের মধ্যে আরও চার গোল করে প্যারিসিয়ানরা। হ্যাটট্রিকের আনন্দে ভাসেন এমবাপে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সতীর্থদের গোলে ভূমিকা রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।
লিগের আগের ম্যাচেও বড় জয় পেয়েছিল মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা লরিয়েঁকে উড়িয়ে দিয়েছিল ৫-১ গোলে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপে ও নেইমার। বাকি গোলটি পেয়েছিলেন মেসি।
ম্যাচের পর ফরাসি গণমাধ্যম কানাল প্লাসকে এমবাপে বলেছেন, মেসি, নেইমার ও তার মধ্যে বোঝাপড়াটা আসতে পারত আরও আগে, 'হ্যাঁ, এটা হতাশার যে আমাদের মধ্যে বোঝাপড়াটা এখন এসে জমছে। কিন্তু দেরি হওয়ার পেছনে যথেষ্ট কারণ ও ঘটনা ছিল। তবে আমরা মনে করি যে আমরা তিনজন দক্ষতাসম্পন্ন খেলোয়াড়। যতটা সম্ভব আমরা দলকে সাহায্য করার চেষ্টা করছি। আর আজকে সেটাই ঘটেছে।'
অতীতে যা ঘটেছে তা নিয়ে সময় নষ্ট না করে সামনে তাকাতে চাইছেন তিনি, 'এটাই জীবন। কখনও আপনি জিতবেন, কখনও হারবেন। কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। যা ঘটেছে তা এখন অতীত। আমাদের কিছু বাজে সময় গেছে যার ফল আমরা এখনও ভোগ করছি। তবে আপনাকে ইতিবাচক থাকতে হবে। আমাদের দেখাতে হবে যে আমরা বড় ক্লাব, বড় দল ও শিরোপা জেতার জন্যই এখানে আছি।'
লিগের আর সাত ম্যাচ বাকি থাকতে ১৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকায় শিরোপার সুবাস পাচ্ছে পিএসজি। এমবাপে জানিয়েছেন, 'আমরা খুশি। আমি মনে করি, ক্লেমোঁর বিপক্ষে আমরা নিজেদের অনেক উপভোগ করেছি এবং সবাইকে অনেক আনন্দ দিয়েছি। আমরা (পিএসজির ইতিহাসের) দশম লিগ শিরোপার দিকে এগোচ্ছি। আমার মনে হয় না এটা খুব বেশি দূরে। আর আমরা খুবই সন্তুষ্ট।'