ম্যান সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: হারের পর সিমিওনে
নিজেদের চিরচেনা কৌশলে সফল প্রায় হয়েই গিয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণে ম্যানচেস্টার সিটিকে চমকে দেওয়ার ছক অল্পের জন্য ভেস্তে যায়। ন্যূনতম ব্যবধানে হারের পর সিমিওনের কণ্ঠে প্রশংসা ঝরল প্রতিপক্ষকে নিয়ে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ম্যান সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যরা অ্যাতলেতিকোর দুর্গে ফাটল ধরায় ম্যাচের ৭০তম মিনিটে। ফিল ফোডেনের রক্ষণচেরা পাসে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের উল্লাসে মাতান কেভিন ডি ব্রুইন।
ম্যাচশেষে সিমিওনে জানান, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটির বিপক্ষে লড়াইটা তাদের জন্য ছিল কষ্টকর, 'অসাধারণ একটা দলের বিপক্ষে এটা ছিল কঠিন, ভীষণ কঠিন একটা ম্যাচ। তারা সম্ভবত বিশ্বের সেরা দল। তবে আমরা সমীহ করেই তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি।'
পুরো ম্যাচে লক্ষ্যে তো দূরের কথা, প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতে পারেনি অ্যাতলেতিকো। সিটিজেনরা প্রথমার্ধে অনেকবার আক্রমণে উঠলেও বারবার খেই হারিয়ে ফেলছিল ডি-বক্সে গিয়ে। বিরতির পর দুই দলের খেলার ধারই কিছুটা বাড়ে। এ প্রসঙ্গে সফরকারীদের কোচ বলেন, 'আমরা চেয়েছিলাম রক্ষণদেয়াল নিরেট রাখতে এবং পাল্টা আক্রমণের মাধ্যমে ওপরে উঠতে। যদিও তারা গোলমুখে কোনো শট নিতে পারেনি, তবুও প্রথমার্ধে আমরাও খোলস ছাড়তে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা বিপজ্জনক হয়ে উঠলেও তারা গোল পেয়ে যায়।'
সিটিকে মোকাবিলা করা নানা কারণেই শক্ত বিপক্ষে দলগুলোর জন্য। সিমিওনে আলাদা করে উল্লেখ করেন তারকায় ঠাসা স্কোয়াডের কথা, 'তাদের যে ধরনের দল আছে সেটার বিপক্ষে খেলতে নামা খুবই কঠিন। তিনজন ভালো খেলোয়াড় বেরিয়ে গেলেও বদলি হিসেবে আরও তিনজন ভালো খেলোয়াড় মাঠে প্রবেশ করে।'
সাবেক আর্জেন্টাইন ফুটবলার সিমিওনের মতে, কৌশল ভিন্ন হলেও দুই দলের লক্ষ্য ছিল একই। তবে সিটি সফল হলেও অ্যাতলেতিকোর আশা পূরণ হয়নি, 'ম্যানচেস্টার সিটিকে খেলতে দেখতে ভালো লাগে। তারা ধৈর্য ধরে থাকে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। আমরাও আমাদের মুহূর্তের জন্য চেয়ে থাকি। ভিন্ন ধরনের কৌশল নিয়ে আমরা দুই দলই একই জিনিসের খোঁজ করি।'
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে ম্যান সিটি এক ধাপ এগিয়ে গেলেও খুব ভালোভাবে টিকে আছে অ্যাতলেতিকোর সম্ভাবনা। আগামী বুধবার রাতে মাদ্রিদে হবে দুই দলের শেষ চারের ফিরতি লেগ।