রিয়াল বেনজেমার উপর নির্ভরশীল হওয়ায় খুশি আনচেলত্তি
দিন যতই গড়াচ্ছে ততোই যেন করিম বেনজেমার উপর রিয়াল মাদ্রিদের নির্ভরশীলতা বাড়ছে। সাম্প্রতিক সময়ের ম্যাচের ফলাফলগুলো অন্তত তাই বলে। এক বেনজেমার নৈপুণ্যেই উড়ছে দলটি। এ তারকা না খেললেই মাঝারী সারির দলগুলোর বিপক্ষেও জয় পেতে হিমশিম খেতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের। অথচ দল বেনজেমার উপর নির্ভরশীল হওয়ায় দারুণ খুশি প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ মঙ্গলবার রাতেই চেলসির বিপক্ষে মাঠে নামছে রিয়াল। প্রথম লেগে ইংলিশ ক্লাবটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। সে ম্যাচের তিনটি গোলই করেছিলেন বেনজেমা। এর আগে শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী পিএসজির বিপক্ষেও হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে টেনে আনেন রিয়ালকে। আর বেনজেমার কারণেই সেমি-ফাইনালের পথে স্পষ্ট ফেভারিট রিয়াল।
রিয়াল বেনজেমার উপর এতো নির্ভরশীল হওয়াতেও কোনো সমস্যা দেখছেন না আনচেলত্তি। উল্টো বেনজেমায় নির্ভরশীল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'আমরা বেনজেমার উপর নির্ভরশীল। এটা এমনই, আমরা এটা অস্বীকার করতে যাচ্ছি না। এবং আমি খুব খুশি যে আমরা করিমের উপর নির্ভরশীল। এটা একটি বাস্তবতা, এবং এটি একটি ভালো ব্যাপার।'
অথচ ক্রিস্তিয়ানো রোনালদো যখন দল ছেড়েছিলেন তখন কঠিন সংগ্রামই করেছে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীলতার কারণেই এমনটা হয়েছে। একই চিত্র লিওনেল মেসিও দল ছাড়ার পর দেখেছে বার্সেলোনাও।
বেনজেমাকে বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার জানিয়ে রিয়াল কোচ আরও বলেন, 'করিম একজন আধুনিক ফরোয়ার্ড এবং স্ট্রাইকারদের যা প্রয়োজন তারমধ্যে সবকিছুই রয়েছে, এমনকি রক্ষণভাগের কাজ সহ। আজকের ফুটবলে একজন সেন্টার ফরোয়ার্ড কেমন হওয়া উচিত তার নিখুঁত উদাহরণ সে।'
রোনালদো দলে থাকাকালীন সময়ে তার ছায়াতেই ঢাকা ছিলেন বেনজেমা। ২০১৮ সালে রোনালদো দল ছাড়ার পর থেকেই আলো ছড়াতে শুরু করেন। নিজেকে তুলে ধরেন নতুন উচ্চতায়। চলতি মৌসুমে তো দুর্দান্ত ছন্দে আছেন। এরমধ্যেই করেছেন ২৪টি গোল। চ্যাম্পিয়ন লিগে তো রীতিমতো উড়ছেন। দুটি হ্যাটট্রিক সহ করেছেন ১১ গোল। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে তার গোলসংখ্যা ৩৭ ম্যাচে ৩৭টি।