রিয়াল মাদ্রিদ নয়, লিভারপুলই গার্দিওলার সবচেয়ে বড় প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

চার মৌসুম বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন পেপ গার্দিওলা। সেসময় অবধারিতভাবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সেসময়ের কোচ জোসে মরিনহোর সঙ্গে তার কৌশলগত দ্বৈরথও জমেছিল বেশ। কিন্তু গার্দিওলার কাছে রিয়াল নয়, লিভারপুলই তার ক্যারিয়ারের সেরা প্রতিপক্ষ। অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপকে নিয়েও কণ্ঠে স্তুতি ঝরিয়েছেন ম্যানচেস্টার সিটির বর্তমান স্প্যানিশ কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল রোববার মুখোমুখি হবে ম্যান সিটি ও লিভারপুল। সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। ম্যাচটিকে লিগের শিরোপা নির্ধারণী লড়াই বলা হলেও অত্যুক্তি হবে না। কারণ চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় এই শীর্ষ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ৩০ ম্যাচে এক নম্বরে থাকা ম্যান সিটির অর্জন ৭৩ পয়েন্ট। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লিভারপুল।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে গার্দিওলা সংবাদ সম্মেলনে বলেছেন, লিভারপুলের বিপক্ষে এখনকার লড়াইটাই তার কাছে সেরা, 'এখানকার (প্রিমিয়ার লিগের) সময়টা আমার সবসময় মনে থাকবে এবং যখন আমি অবসরে যাব, তখন আমি স্মরণ করব যে লিভারপুল ছিল আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ। আমরা (মরিনহো ও আমি) অনেকবার মুখোমুখি হয়েছি। জোসে একজন অসাধারণ ম্যানেজার। আর অবশ্যই বার্সেলোনায় থাকাকালে আমি তার প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু এখানে আমি আরও বেশি বছর ধরে আছি।'

২০১৫ সালের শেষদিকে লিভারপুলের দায়িত্ব নেন জার্মান কোচ ক্লপ। এর নয় মাস পর বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যান সিটিতে পাড়ি জমান গার্দিওলা। সেই থেকে সময়ের অন্যতম সেরা দুই কোচের মধ্যে চলছে পরস্পরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা। প্রায় প্রতি মৌসুমেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাদের অধীনে থাকা দুই ক্লাবের মধ্যে।

লিভারপুল কঠিন চ্যালেঞ্জ জানানোয় ম্যানচেস্টার সিটিকে প্রতিনিয়ত উন্নতি করতে হচ্ছে উল্লেখ করে গার্দিওলা যোগ করেছেন, 'আমি এখানে পাঁচ বছর ধরে আছি। প্রতি বছরই আমরা পরস্পরের কাছাকাছি অবস্থানে ছিলাম। আমি বায়ার্ন মিউনিখে থাকতেও একবার ইয়ুর্গেনকে মোকাবিলা করেছিলাম। একবার আমরা ১০০ পয়েন্ট পেয়েছিলাম আর দুই মৌসুম পর তারা ৯৯ পয়েন্ট পেয়েছিল; এছাড়া প্রতি মৌসুমেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আমরা একে অপরের পারফরম্যান্সকে নিয়ন্ত্রণ করি কারণ তারা ভালো দল এবং আমি আশা করি যে তারাও ভাবে যে আমরা ভালো দল।'