রুনিকে 'হিংসুক' বলে খোঁচা মারলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, ওয়েন রুনি তখন প্রতিষ্ঠিত তারকা। রুনির ছায়ায় থেকেই উত্থান রোনালদোর। তবে সাম্প্রতিক সময়ে এ পর্তুগিজ তারকাকে নিয়ে করা রুনির মন্তব্য স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি রোনালদো। 'হিংসুক' বলে রুনিকে সরাসরি খোঁচা মেরেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

দিন দুয়েক আগে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলেছেন রুনি। তার এক পর্যায়ে রোনালদোর প্রসঙ্গ উঠতেই বলেছিলেন, এ পর্তুগিজ তারকাকে এনে খুব একটা লাভ হয়নি ইউনাইটেডের। সাবেক সতীর্থের এমন মন্তব্যে হতাশ রোনালদো। আর তা প্রকাশও করেছেন তিনি।

চলতি মৌসুমের শুরুতে ইউনাইটেডে ফিরে আসেন রোনালদো। শুরুর দিকে ভালো খেললেও বর্তমান সময়ে ছন্দহিনতায় ভুগছেন এ তারকা। দলকে তেমন কিছুই দিতে পারছেন না তিনি। এরমধ্যেই দলটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চার থেকেও ছিটকে গেছে দলটি। অথচ গত গ্রীষ্মে সবচেয়ে বেশি খরচ করেছে ইউনাইটেডই।

এসব কারণেই রোনালদোকে নিয়ে রুনি বলেছিলেন, 'এ মুহূর্তে আপনাকে না বলতেই হবে। সে গোল করছে, চ্যাম্পিয়নস লীগের শুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছে। টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। কিন্তু ক্লাবের ভবিষ্যতের দিকে তাকালে আগামী দুই বা তিন বছরে তরুণ, ক্ষুধার্ত খেলোয়াড়দের নিয়ে এগোলেই ইউনাইটেডের জন্য সবচেয়ে ভালো হবে।'

'ধীরে ধীরে ক্রিস্টিয়ানোর মধ্যে জড়তা দেখা যাচ্ছে। সে এখন আর বিশ বছরের না, আর এটাই হবে, এটাই ফুটবল। সে এখনো গোলের সামনে হুমকি। তবে খেলার বাকি অংশে ম্যানইউর আরও বেশি কিছু দরকার। ওদের আরও তরুণ এবং ক্ষুধার্ত খেলোয়াড় দরকার।'

মানডে নাইট ফুটবল শো শেষে রুনি তার সাবেক সতীর্থ জিমি কারাঘেরের সঙ্গে আলোচনার একটি ছবি আপলোড করেন ইনস্টাগ্রামে। সেখানেই রুনির ওই সমালোচনার জবাবটা দারুণ বিচক্ষণতার সঙ্গেই দিয়েছেন রোনালদো। সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন, 'দুইজন হিংসুক'। এরপর চোখের দুটি ইমোজি পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেছেন এ তারকা।