রোনালদোকে স্থায়ী অধিনায়ক করার পরিকল্পনা নেই ইউনাইটেড কোচের
ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে। কারণ, চোটে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়মিত দলনেতা হ্যারি ম্যাগুইয়ার। তবে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে স্থায়ী অধিনায়ক করার কোনো পরিকল্পনা নেই ক্লাবটির কোচ রালফ রাংনিকের।
গত ৩ জানুয়ারি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে নেতৃত্ব দিলেও অভিজ্ঞতাটা সুখকর হয়নি রোনালদোর। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শেষদিকে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড। তাছাড়া, দলটির পারফরম্যান্সও ছিল একেবারে বিবর্ণ।
প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ইউনাইটেডের পরের ম্যাচ ছিল এফএ কাপে। অ্যাস্টন ভিলার বিপক্ষে ওই ম্যাচে খেলেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড রোনালদো। তাকে ছাড়াই ১-০ ব্যবধানে জিতে আসরটির চতুর্থ রাউন্ডে উঠে গেছে রেড ডেভিলরা।
চার দিনের ব্যবধানে আবারও ভিলার মুখোমুখি হতে যাচ্ছে ইউনাইটেড। এবার প্রিমিয়ার লিগের লড়াই। ভিলা পার্কে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইউনাইটেডের কোচ রাংনিক বলেছেন, রোনালদোর হাতে পাকাপাকিভাবে অধিনায়কত্বের আর্মব্যান্ড দেওয়ার চিন্তা করেননি তিনি, 'এই মুহুর্তে আমি এটি করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কারণ, হ্যারি এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে আছে এবং যতদিন হ্যারি খেলবে, ততদিন সে অধিনায়ক থাকবে।'
তিনি যোগ করেছেন, ইংলিশ ডিফেন্ডার ম্যাগুইয়ার চোট বা অন্য কোনো কারণে না খেললে একাদশ অনুসারে ভিন্ন ভিন্ন অধিনায়ক নির্বাচন করা হতে পারে, 'সে না খেললে অন্য কাউকে অধিনায়ক হতে হবে। কে খেলছে তার উপর নির্ভর করে এটি ম্যাচ থেকে ম্যাচে পরিবর্তিত হতে পারে।'
লিগের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা ভিলার বিপক্ষে রোনালদো ও ম্যাগুইয়ারের ফেরার আশা প্রকাশ করেছেন রাংনিক। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তার দল রয়েছে সাতে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২২ পয়েন্টে পিছিয়ে থাকায় তাদের শিরোপা জয়ের আশা শেষ বললেই চলে।