মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি মেসি-রোনালদো। দুই দশকের বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাশাপাশি উচ্চারিত হয়েছে তাদের নাম। কিন্তু সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা একপাশে সরিয়ে এবার মেসির বিদায়ে শ্রদ্ধা জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে মাঠে নামার সেই অনুভূতিটা এরই মধ্যে মিস করতে শুরু করেছেন তিনি। আর তার সেই আবেগঘন বার্তার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি সম্মান জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনালদো।

৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলেছেন জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন, সতীর্থদের দুটি গোলেও সরাসরি অবদান রেখেছেন। ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণিল বিদায় অনুষ্ঠান।

বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, 'গতকাল ছিল আমার শেষ ম্যাচ, আর এরই মধ্যে আমি নীল-সাদা জার্সি পরাটাকে মিস করতে শুরু করেছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।'

এরপর নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে মেসি বলেন, 'এটি ছিল অসাধারণ এক যাত্রা, যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি নিশ্চিতভাবে জানি, আমি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছি, তার প্রতিটিই সার্থক ছিল।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

মেসির বিদায়ী বার্তায় জায়গা পেয়েছে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও। তিনি বলেন, 'আমি দিয়েগোকে ভুলতে চাই না। সে আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় নিয়ে গিয়েছিল। আর আমি যেমন সবসময় বলি, আমি জানি সে আমাদের দুজনকেই সাহায্য করেছে, এখানে আমাদের সঙ্গে থেকে, আবার স্বর্গ থেকেও, আমাদের প্রতিটি পদক্ষেপে।'

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ক্লাবগুলোর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও স্মরণ করেছেন মেসি, 'আমি যেসব ক্লাবে খেলেছি, তাদের প্রতিও কৃতজ্ঞ। তারা সবসময় আমার অনুভূতিকে সম্মান করেছে এবং যখনই জাতীয় দলের জার্সি পরার সময় এসেছে, আমাকে দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ দিয়েছে।'

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাটাও কম নয়। তার নেতৃত্বেই দলটি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে। একই বছরে ফিনালিসিমার শিরোপাও ঘরে তুলেছে আর্জেন্টিনা।

বিদায়ী বার্তার শেষ দিকে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, 'আমি কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের খুব মিস করব এবং সবসময় তোমাদের ধন্যবাদ জানাব, তোমরা আমাদের পাশে ছিলে, আমার পাশে ছিলে।'

এই বার্তাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। দুই তারকার মধ্যে দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের লড়াই থাকলেও মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপ রাখেননি পর্তুগিজ তারকা।

রোনালদো লিখেছেন, 'লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আলিঙ্গন।'

মেসির বিদায় যখন আবেগে ভাসছে, তখন রোনালদো নিজেও জাতীয় দল নিয়ে স্বস্তিতে নেই। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। ফলে অনিশ্চয়তার মধ্যেই পড়েছে তার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।