রোনালদো সিটিতে যোগ দিবেন, বিশ্বাসই করতে পারছেন না রুনি

স্পোর্টস ডেস্ক

একসময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গড়েছেন অসংখ্য কীর্তি। সময়ের আবর্তে এখন কেউই নেই ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু ক্লাবের সঙ্গে তাদের সম্পর্কটা আত্মার। লম্বা সময় পর সেই আত্মিক বাঁধন যেন ছিঁড়তে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যোগ দিতে যাচ্ছেন রাইভাল ক্লাব ম্যানচেস্টার সিটিতে। আর এমনটা হবে তা বিশ্বাসই করতে পারছেন ওয়েন রুনি।

২০০৩ সালে স্পোর্টিং লিসবন ছেড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ছয় মৌসুমে ক্লাবে এক সঙ্গে খেলেছেন রুনির সঙ্গে। তাই রোনালদো সম্পর্কে খুব ভালো করেই জানেন রুনি। ইউনাইটেডের প্রতি রোনালদোর ভালোবাসার কথা জেনেই নতুন গুঞ্জনের কথা বিশ্বাস হচ্ছে না তার।

সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর দলবদলের গুঞ্জন সম্পর্কে রুনি বলেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্তিয়ানোর খুব ভালো লিগাসি রয়েছে বলে আমার মনে হয়। এবং একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে সে তাতে কতটা গর্বিত তাও আমি জানি। তাই আমি দেখছি না (তাকে সিটিতে যোগ দিতে)।'

তবে ফুটবলে যে কোনো কিছুই সম্ভব এটাও জানেন রুনি, 'এটা ফুটবল, তাই আপনি জানেন না কি হতে যাচ্ছে। এমন কয়েকজন আছে যারা এটি করেছে কিন্তু ক্রিস্টিয়ানোর স্তরে কেউ নেই। অবশ্যই পিটার স্মাইকেল ও অ্যান্ডি কোলের কথা বলা যায়। কিন্তু সত্যিই এটা ওর ক্ষেত্রে একটি বিকল্প হিসেবে দেখতে পারছি না।'

টাকার জন্য রোনালদো সিটিতে যোগ দিবেন এমনটা বিশ্বাস হয় না রুনির। সব গুঞ্জন উড়িয়ে রোনালদো শেষ পর্যন্ত পিএসজিতে যোগ দিবেন বলে বিশ্বাস করেন তিনি, 'আর্থিক কারণে, অবশ্যই এর জন্য ওর এমনটা করার দরকার নেই। আমার মনে হচ্ছে ও পিএসজিতে যোগ দিবে।'

কেন সিটিতে যোগ দেওয়া উচিৎ নয় সে ব্যাখ্যাও দিয়েছেন রুনি, একজন মানুষ হিসেবে অবশ্যই জানতে হবে কোনটা ঠিক, আমাদের পরিবারের জন্য। সবাই জানে আমি কখনোই লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারি না। এটা অবশ্যই কিন্তু প্রত্যেকে আলাদা।'

এদিকে প্রায় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী, রোনালদোর সঙ্গে এক প্রকার চুক্তি হয়েই আছে সিটির। অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার। খুব শীগগিরই তাও আসতে যাচ্ছে। আর রোনালদো যে জুভেন্টাসে আর থাকতে চাইছেন না তা নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান কোচ আলেগ্রি। তাই শেষ পর্যন্ত রোনালদোর সিটিতে যাওয়া অবাক দৃষ্টিতেই দেখতে হবে রুনিকে।