র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোলো আর্জেন্টিনা-ইতালি, ব্রাজিল এক ধাপ

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালির উন্নতি হয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। দুই ধাপ করে উপরে উঠেছে দল দুটি। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এগিয়েছে এক ধাপ।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সদস্য দেশগুলোর নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিবেচিত সময়ে কোপা আমেরিকা, ইউরো, কনকাকাফ গোল্ড কাপ, বিশ্বকাপ বাছাইপর্বসহ অনুষ্ঠিত হওয়া মোট ৩৪৮টি ম্যাচের ফলের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং দিয়েছে তারা। শীর্ষ দশে এসেছে অনেক পরিবর্তন। মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর চ্যাম্পিয়নদের হয়েছে উন্নতি।

সবশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। যদিও গত মাসে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের ফাইনালে নিজেদের মাটিতে তারা পরাস্ত হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। ব্রাজিলকে জায়গা দিতে গিয়ে তিনে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তারকাখচিত দল নিয়েও ইউরোতে হতাশ করে তারা ছিটকে গিয়েছিল শেষ ১৬ থেকে।

ইউরোর রানার্সআপ ইংল্যান্ড ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান। তাদেরকে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসরের শিরোপা জেতা ইতালি দখল করেছে পঞ্চম স্থান। কোপা জিতে ২৮ বছরের শিরোপা খরার অবসান ঘটানো আর্জেন্টিনা উঠেছে ছয়ে। স্পেন ও পর্তুগাল যথাক্রমে সাত ও আটে নেমে গেছে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের শেষ দুটি স্থানে ইউরোপ বা দক্ষিণ আমেরিকা মহাদেশের কোনো দেশ নেই। গোল্ড কাপের ফাইনালে হেরেও দুই ধাপ উপরে উঠে নয় নম্বরে অবস্থান করছে মেক্সিকো। তাদের বিপক্ষে জিতে শিরোপা ঘরে তোলা যুক্তরাষ্ট্র দশ ধাপ এগিয়ে রয়েছে দশম স্থানে।

সবচেয়ে বেশি এগিয়েছে আগামী ২০২২ বিশ্বকাপের আয়োজক এশিয়ার দল কাতার। ১৬ ধাপ উন্নতি করে ৪২ নম্বরে উঠে গেছে তারা। গোল্ড কাপে অতিথি হিসেবে খেলতে গিয়ে সেমিফাইনালে ওঠায় এত এগিয়েছে তারা। ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এটাই তাদের সেরা অবস্থান। ১৯৯৩ সালে প্রথম প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও তারা ছিল ৪২ নম্বরে।