লক্ষ্য এখনও পূরণ হয়নি, সতীর্থদের সতর্ক করলেন রোনালদো
তুরস্কের বিপক্ষে স্বস্তির জয়ে আগামী ২০২২ কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পর্তুগাল। বাছাইপর্বের প্লে-অফের সেমিফাইনাল পেরিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ দেখছেন না দলটির অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। সতীর্থদের সতর্ক করে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড বলেছেন, এখনও কিছুই অর্জন করেননি তারা।
বৃহস্পতিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল। ওতাভিও ও দিয়োগো জোতার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে তুরস্কের পক্ষে ব্যবধান কমান বুরাক ইলমাজ। শেষদিকে তিনিই পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন। হাঁপ ছেড়ে বাঁচা পর্তুগিজদের হয়ে যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন মাথেউস নুনেস।
বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে পর্তুগালের শেষ বাধা উত্তর মেসিডোনিয়া। আরেক সেমিতে তারা ঘটিয়েছে বিরাট অঘটন। নামেভারে অনেক এগিয়ে থাকা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে দিয়েছে দলটি। প্লে-অফের ফাইনালে পর্তুগাল নিজেদের মাটিতে মেসিডোনিয়ার মুখোমুখি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।
তুরস্ককে হারানোর পর ফাইনালকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, লক্ষ্য এখনও পূরণ হয়নি তাদের,' '২০২২ সালের বিশ্বকাপে খেলার বিরাট লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ ফেললাম আমরা। এখনও কিছুই অর্জন করিনি, আমরা কিছুই অর্জন করিনি। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে ও মনোযোগী থাকতে হবে। প্রতিপক্ষকে সম্মান করার সঙ্গে সঙ্গে সব সময় নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের।'
তুরস্কের বিপক্ষে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদো। দল জিতলেও তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। শেষদিকে অবশ্য দারুণ এক সুযোগ পেয়েছিলেন। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণে জোয়াও ফেলিক্স বাড়িয়েছিলেন নিখুঁত এক বল। কিন্তু সময়মতো পা লাগাতে পারেননি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো।