'শক্তিশালী' বার্সার বিপক্ষে রিয়ালের পারফরম্যান্স 'পছন্দ' হয়েছে আনচেলত্তির

By স্পোর্টস ডেস্ক

প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে বার্সেলোনার সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ। গোলমুখে গিয়ে তারা দেখাতে পারেনি চেনা ঝাঁজ। তারপরও শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তিনি মনে করছেন, রিয়ালের এবারের স্কোয়াড আগের মৌসুমের চেয়ে ভালো।

রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রাফিনহার লক্ষ্যভেদে বার্সার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। প্রীতি ম্যাচ হলেও উত্তেজনা ও উত্তাপের কমতি ছিল না স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। সেখানে রিয়ালের বিপক্ষে দাপট দেখায় কাতালানরা। তবে প্রাক-মৌসুমের জয়-পরাজয় মৌসুমের মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রভাব রাখে না। সেটা মাথায় রেখেই যেন এল ক্লাসিকোতে হেরেও ইতিবাচক আছেন আনচেলত্তি।

ম্যাচে বল দখলে সামান্য পিছিয়ে থাকা বার্সার গোলমুখে নেওয়া ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আগের মৌসুমে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলা রিয়াল নয়টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তবে তাদের কোচ আনচেলত্তির মতে, তীব্র প্রতিযোগিতা হয়েছে দুই ক্লাবের মধ্যে, 'এই ম্যাচে অনেক বেশি তীব্রতা ছিল দুই দলের মধ্যে। বিশেষ করে, প্রথমার্ধে। আমার মনে হয়েছে, সমানে-সমান খেলা হয়েছে।'

চলমান গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত তেমন সক্রিয় দেখা যায়নি রিয়ালকে। দল ছেড়ে গেছেন মার্সেলো, ইস্কো, গ্যারেথ বেল ও লুকা জোভিচ। বিপরীতে, ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার ও মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনিকে দলে টেনেছে তারা। তারপরও বর্তমান স্কোয়াডকে আগের চেয়ে শক্তিশালী বলছেন আনচেলত্তি, 'আমি মনে করি, গত মৌসুমের তুলনায় এখন আমাদের ভালো স্কোয়াড রয়েছে। অনুশীলনে আপনারা দেখতে পাবেন যে আগের চেয়ে বেশি তীব্রতা দেখা যায়।'

কোচ জাভি হার্নান্দেজের অধীনে হারানো সাফল্যের খোঁজে থাকা বার্সাকে শক্তিশালী তকমা দিয়ে আনচেলত্তি যোগ করেছেন, 'আমি খেলোয়াড়দের মধ্যে মাঠে সময় ভাগ করে দিতে চেষ্টা করেছি। আমি কিছু তরুণ খেলোয়াড়দের খেলাতে চেয়েছি। সবমিলিয়ে শক্তিশালী একটি প্রতিপক্ষের বিপক্ষে এই পারফরম্যান্স আমি পছন্দ করেছি।'