সনের লক্ষ্যভেদে শুরুতেই টটেনহ্যামের কাছে হারল চ্যাম্পিয়ন সিটি
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে পেলেই জ্বলে ওঠেন সন হিউং-মিন! ২০১৬ সালে সিটিজেনদের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ গার্দিওলা। তখন থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ বার সিটির বিপক্ষে খেলতে নেমে সপ্তমবার লক্ষ্যভেদ করলেন সন।
রবিবার রাতে দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সনের কল্যাণে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে তারা করেছে শুভ সূচনা। বিপরীতে, আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা হয়েছে হারের বেদনায়।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৬৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে সিটি। তারা গোলমুখে ১৮টি শট নিয়ে চারটি রাখে লক্ষ্যে। অন্যদিকে, স্বাগতিকদের ১৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি।
দুই দলই নিজেদের গুছিয়ে নিতে বেশ সময় নেয়। শট লক্ষ্যে না থাকায় প্রথমার্ধে কোনো গোলরক্ষককেই দিতে হয়নি পরীক্ষা। বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্পার্স। পাল্টা আক্রমণে স্টিভেন বার্গউইনের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে সিটি গোলরক্ষক এদারসনকে ফাঁকি দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন সন।
পাঁচ মিনিট পর বার্গউইন সুযোগ নষ্ট না করলে ব্যবধান দ্বিগুণ হতে পারত টটেনহ্যামের। বাকি সময়ে অনেক চেষ্টা করেও সমতায় ফেরা হয়নি সিটির। অভিষিক্ত জ্যাক গ্রিলিশ-বদলি নামা কেভিন ডি ব্রুইনরা পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করতে। তাতে প্রথম ম্যাচেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন টটেনহ্যামের নতুন কোচ নুনো এসপিরিতো সান্তো।
প্রিমিয়ার লিগের ইতিহাসে কেবল তৃতীয়বারের মতো শিরোপাধারীরা হারল মৌসুমের প্রথম ম্যাচে। ম্যান সিটির আগে ২০১৬-১৭ আসরে লেস্টার সিটি ও ২০১৭-১৮ আসরে চেলসি পেয়েছিল একই তিক্ত স্বাদ।
গার্দিওলার সিটির বিপক্ষে নুনোর এটি তৃতীয় জয়, যা যৌথ সর্বোচ্চ। ইয়ুর্গেন ক্লপ, ওলে গানার সুলশার আর জোসে মরিনহোও জিতেছেন একই সংখ্যকবার। নুনো আগের দুবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কোচ হিসেবে হারিয়েছিলেন সিটিকে।